বন্ধুসভার উদ্যোগে পোশাকসহ রান্নার উপকরণ বিতরণ
প্রথম আলো মাগুরা বন্ধুসভার উদ্যোগে জেলার ৪০টি দুস্থ পরিবারের মধ্যে শাড়ি-লুঙ্গিসহ রান্নার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এগুলো বিতরণ করা হয়।বন্ধুসভার সদস্যরা জানান, মাগুরায় ইন্টারনেট উৎসব শেষ হওয়ার পর বন্ধুসভার সদস্যরা একটি সভা করেন। সভায় তাঁরা ঈদুল আজহায় দরিদ্র মানুষের সহায়তার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী, বন্ধুসভার বন্ধুরা তাঁদের ঈদের খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে একসঙ্গে জমা করেন। ওই টাকা দিয়ে ৪০টি পরিবারের জন্য সেমাই, চিনি, দুধ ও রান্নার আনুষঙ্গিক জিনিসপত্র কেনেন।বন্ধুসভার উপদেষ্টা প্রবীন শিক্ষাবিদ মো. মফুজার রহমান এগুলো কেনায় আর্থিক সহযোগিতা দেওয়ার পাশাপাশি তিনি নিজে অতিদরিদ্র ১৭টি পরিবারের ১৬ জন নারীকে শাড়ি এবং একজন পুরুষের জন্য একটি লুঙ্গি কেনেন। এ ছাড়া বন্ধুসভার উপদেষ্টা এমদাদুর রহমানও আর্থিকভাবে সহযোগিতা করেন। গত বুধবার বন্ধুসভার সদস্যরা মাগুরা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শালিখা উপজেলার আড়পাড়ায় চিত্রা নদীর পাড়ে বাঁধে আশ্রয় নেওয়া বেদে সম্প্রদায়ের মধ্যে এগুলো বিতরণ করেন।এ ছাড়া গতকাল সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্বরে শহরের বিভিন্ন এলাকা থেকে বাছাই করা ছিন্নমূল-অসহায় মানুষের মধ্যে এগুলো বিতরণ করা হয়। এ সময় মো. মফুজার রহমানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।