বন্ধুসভার উদ্যোগে বিতর্ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার উদ্যোগে গতকাল বুধবার বিতর্কবিষয়ক কর্মশালা হয়েছে। শহরের মাদ্রাসা কোয়ার্টার এলাকায় অবস্থিত নাসিরাবাদ কলেজিয়েট স্কুল মিলনায়তনে এ কর্মশালা হয়।
ময়মনসিংহ বন্ধুসভা সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিতর্ক কর্মশালায় জেলা পরিষদ উচ্চবিদ্যালয়, গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়, মুকুল নিতেকন উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, প্রগ্রেসিভ মডেল স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, সরকারি আনন্দ মোহন কলেজ ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের মোট ১২০ জন শিক্ষার্থী অংশ নেয়। কর্মশালায় বিতর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও বিতার্কিক হাসান মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয় সংগঠন ‘তির্ক এলিট তার্কিকের’ সভাপতি কৌশিক সুর ও ন্যাশনাল ডিবেট ফেডারেশনের কো-চেয়ারম্যান মো. নাহিদ মণ্ডল। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক সুফিয়া বেগম।