
প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা। শুভবোধের মানুষ তৈরির একটি মঞ্চ। এই মঞ্চের বড় আয়োজন জাতীয় বন্ধু সমাবেশ ২০১৬। উদ্বোধন হবে আজ শুক্রবার গাজীপুরের মৌচাক স্কাউট মাঠে।
দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে সারা দেশের দেড় হাজার বন্ধু অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। দুই বছর পর পর আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। বন্ধুসভার নেতৃস্থানীয় বন্ধুরা এই সমাবেশে সাংগঠনিক কর্মশালা থেকে শুরু করে নানা পর্বে অংশ নেন। আয়োজনের বড় অংশ জুড়ে থাকে প্রতিটি বন্ধুসভার নিজস্ব পরিবেশনা।
দুদিন ধরে এই বন্ধুরা তাঁবু যাপন করবেন। কষ্টসহিষ্ণুতার যোগ্যতা অর্জন করবেন তাঁরা আনন্দের ভেতর দিয়ে। সারা দেশের ১৩০টি বন্ধুসভার বন্ধুরা সমাবেশে অংশ নিচ্ছেন। যদিও হাজার হাজার বন্ধুই থেকে যাচ্ছেন এই সমাবেশের বাইরে।
২০১০ ও ২০১৩ সালে একই স্থানে অনুষ্ঠিত হয়েছিল বন্ধুসভার প্রথম ও দ্বিতীয় জাতীয় সমাবেশ। সেই দুই সমাবেশের উজ্জ্বল স্মৃতি অংশগ্রহণকারী অসংখ্য বন্ধুর মনে এখনো জ্বলজ্বল করছে। এখনো তাঁরা সেই সমাবেশের কথা মনে করে বলেন, ‘বন্ধুসভা জাতীয় সমাবেশের কথা ভোলা যায় না।’
অনুষ্ঠানের উদ্বোধন হচ্ছে সকালে। উদ্বোধনী অনুষ্ঠানে সময়মতো হাজির থাকতে না পারার আশঙ্কায় ৩১ ডিসেম্বর রাতেই মৌচাকের শালবনে তাঁবু দখল করে নিয়েছিল ৩০টি বন্ধুসভা।
বন্ধুসভার সব সদস্য প্রথম আলো পরিবারের সদস্য। তাঁদেরই মিলনমেলা আজ, যাঁরা সারা বছর ধরে নানা ধরনের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন।
এ ছাড়া তাঁরা যুক্ত আছেন মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে, তাঁরা আছেন অ্যাসিড-সন্ত্রাসের বিরুদ্ধে, অংশ নেন গণিত উৎসবে, যুক্ত হন ভাষা প্রতিযোগে। প্রথম আলোর সব সামাজিক কাজই বন্ধুদের তৎপরতায় সফল হয়। এ ছাড়া তাঁদের নিজস্ব নানাবিধ আয়োজন তো আছেই।
পাঠক যেমন প্রথম আলোর বড় শক্তি, প্রথম আলো বন্ধুসভাও তা-ই।
খ্রিষ্টীয় নববর্ষের প্রথম দিনে শুরু হওয়া এই উৎসব, এই মিলনমেলা অথবা জাতীয় সমাবেশ নিশ্চয় সফল হবে। ২০১৫ সালের সারা দেশে বিজয় শপথের মতো বছরের প্রথম দিনেও আজ তাঁরা দেশ গড়ার শপথ নেবেন। প্রত্যেকের বুকে ঝুলবে ‘আমি বাংলাদেশ’ নামের প্রেরণাদায়ী স্লোগান। এই বাংলাদেশটাকে আমরাই গড়ে তুলব।
সভাপতি: প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ