বন্ধুসভার জাতীয় সমাবেশ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা জেগে আছি’—এই প্রতিপাদ্য নিয়ে প্রথম আলো বন্ধুসভার জাতীয় বন্ধু সমাবেশ আজ শুক্রবার সকালে শুরু হচ্ছে। চলবে কাল শনিবার পর্যন্ত। সমাবেশ উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে গতকাল বৃহস্পতিবার ব্যস্ত সময় কাটিয়েছেন বন্ধুসভার সদস্যরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে শালবনে ঘেরা স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে আজ সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে বন্ধু সমাবেশ উদ্বোধন করা হবে। তবে দেশের অনেক বন্ধুসভার সদস্যরা গতকাল দুপুরেই মৌচাকের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছান। বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, দুই দিনব্যাপী বন্ধু সমাবেশে দেশের ১৭০টি বন্ধুসভার প্রায় দুই হাজার বন্ধু অংশ নেবেন। সব বন্ধুকে মৌচাকে এসে প্রথমে নিবন্ধন করতে হবে। এরপর তাঁদের তাঁবু বরাদ্দ দেওয়া হবে। তাঁদের জন্য রয়েছে উপহারসামগ্রী ও বাংলাদেশের জাতীয় পতাকা। বন্ধু সমাবেশে সহযোগিতা করছে সামিট, গোল্ডেন হারভেস্ট, ওয়াল্টন ও এনার্জিপ্যাক।বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান বলেন, ‘সমাবেশ নিয়ে সারা দেশের বন্ধুদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাঁরা এই দিনটার অপেক্ষায় ছিলেন। কেননা, এ সমাবেশে সারা দেশের বন্ধুদের মধ্যে একটি বন্ধনের সৃষ্টি হয়। সমাবেশ থেকে উদ্দীপনা ও প্রেরণা নিয়ে তাঁরা দেশ গড়ার কাজ করেন।’