বন্ধুসভার পাঠচক্রের উদ্বোধন করলেন পলান সরকার

প্রতি শনিবার সারা দেশে প্রথম আলো বন্ধুসভার সদস্যরা বইপড়া কর্মসূচি পাঠচক্রের আয়োজন করবেন। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে এই পাঠচক্রের উদ্বোধন করেন বইপ্রেমী পলান সরকার। এ উপলক্ষে রাজশাহীর বাঘায় পলান সরকার পাঠাগারে রাজশাহী ও বাঘা বন্ধুসভার সদস্যরা অনুষ্ঠানের আয়োজন করেন।
গতকাল দুপুরে রাজশাহী বন্ধুসভার বন্ধুরা পলান সরকারের জন্য নতুন পাঞ্জাবি, লুঙ্গি, মিষ্টি ও ফলমূল নিয়ে তাঁর পাঠাগারে উপস্থিত হন। পাঠাগারে পাঠচক্রের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজশাহী বন্ধুসভার সভাপতি মিঠন আলী সরদার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ, বাঘা বন্ধুসভার সভাপতি গোলাম তোফাজ্জল কবির, বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান ও বাউসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, বাউসা হারুন-অর-রশিদ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিজুল আলম, বাউসা কলেজের শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ।
পলান সরকার বন্ধুদের শপথবাক্য পাঠ করান। বাউসা কলেজ, হারুন অর রশিদ উচ্চবিদ্যালয় ও বাউসা বালিকা বিদ্যালয়ের শিক্ষকেরা নিজেদের বিদ্যালয়ে বন্ধুসভার মতো করে প্রতি শনিবার পাঠচক্র চালু করার ঘোষণা দেন।
আলোচনা শেষে বাংলাদেশ টেলিভিশন ও বেতারশিল্পী ফারুক আহাম্মেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা ও বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও স্বর্ণা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সদস্য আশিফা আশরাফী, আকাশ, বেলাল, ঔড়ব, নিপা প্রমুখ।