বন্ধুসভার প্রকাশনা উৎসব

প্রথম আলো বন্ধুসভা অমর একুশে উপলক্ষে বের করেছে ৩০টি সাহিত্য সংকলন। গতকাল ১৮ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সংকলনগুলোর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৩০টি সংকলনের সম্পাদকদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার খায়রুল বাশার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গিয়াস মোহন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তনিউর রহমান ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের নুরুন্নবী সোহেল বক্তব্য দেন। বইয়ের মোড়ক উন্মোচন করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাইদুজ্জামান রওশন, আহমেদ হেলাল, শান্তা তাওহিদা, কানিজ ফাতেমা, হাসান মাহমুদ, ওমর ফারুক, শাহিন মাহফুজ ও সৌরভ মাহমুদ। সাইদুজ্জামান রওশন বলেন, ‘আমরা চাই, এই সংকলনগুলোর মাধ্যমে তরুণদের মাঝে একুশের চেতনা-ভাবনা জাগ্রত হোক।’
৩০টি সংকলনের নাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিয়া সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রশিদুল হাসান। উৎসবে ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার প্রায় ১০০ জন বন্ধু উপস্থিত ছিলেন। সংকলন প্রকাশে সহযোগিতায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মাত্রা ও মানুষের জন্য ফাউন্ডেশন।