বন্ধুসভার প্রাণের মেলা
গান, নাচ, কবিতা ও সাহিত্যপাঠের মধ্য দিয়ে প্রিয় লেখক হুমায়ূন আহমেদ ও প্রথম আলোর জন্মদিন উদ্যাপন করলেন বন্ধুসভার বন্ধুরা। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে বসেছিল বন্ধুদের প্রাণের মেলা।
আয়োজনের শুরুতে নির্মলেন্দু গুণের ‘গর্ভমেন্টের টাকা’ শিরোনামের কবিতা পাঠ করেন নাজিফা তাজনুর। এরপর ‘আনন্দধারা বহিছে ভুবনে’ গানের সঙ্গে নাচ পরিবেশন করেন প্রান্তিকা ভৌমিক। বাংলাদেশের সাহিত্য জগতের নক্ষত্র হুমায়ূন আহমেদ স্মরণে ‘শুয়া উড়িল’ শিরোনামের গান পরিবেশন করেন দীপ্তি চৌধুরী। এরপর কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করে শোনান চিন্ময় মিত্র। কবিতা শেষে মাউথ আরগানের সুর ছন্দে সবাইকে মুগ্ধ করেন তূণীর চৌধুরী।
অনুষ্ঠানে ছিল কবিতাও। ‘বন্ধুর হাত’ শিরোনামের স্বরচিত কবিতা পড়ে শোনান সোহরাব মহসিন। কবিতার পর ‘আমি বাংলার গান গাই’ শিরোনামের গান পরিবেশন করেন সেঁজুতি গুপ্ত। মোহাম্মদ সাঈদের পরিবেশিত কৌতুক শুনে হাসিতে ভরে ওঠে বন্ধুসভা কক্ষ। এরপর কথামালা, গান আর আবৃত্তি নিয়ে আসেন বেশ কয়েকজন বন্ধু।
গানের শেষে বন্ধুদের রক্তের গ্রুপ সংরক্ষণের জন্য একটি অনলাইন অ্যাপসের উদ্বোধন করা হয়। অ্যাপসটি নির্মাণ করেন বন্ধু আরিফুর রহমান ও জামশেদ হোসেন। আবার কথামালা নিয়ে আসেন বন্ধুসভার সভাপতি সঞ্জয় বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন। এরপর স্মৃতির সাম্পান শিরোনামের একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। এ আয়োজনের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রুবেল ও জান্নাত জেনি। এরপর কেক কেটে আনন্দ আয়োজনে মেতে ওঠেন বন্ধুরা। অবশেষে ‘বদলে যাও বদলে দাও’ শিরোনামের দলীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শেষ হয় এ প্রাণের মেলা।