বন্ধুসভার বন্ধুদের উদ্যোগে 'একটি করে নতুন জামা'
সুবিধাবঞ্চিত শিশুদের আজ ঈদের জামা উপহার দিতে যাচ্ছে প্রথম আলো বন্ধুসভা। সারা দেশের ১০৮টি বন্ধুসভার সদস্যরা নিজেদের জমানো টাকায় ‘একটি করে রঙিন জামা’-শিরোনামে এই কর্মসূচির আয়োজন করেছেন।
কুড়িগ্রামের ফরিদুল ইসলাম ২০১৩ সাল থেকে কুড়িগ্রাম বন্ধুসভার সঙ্গে যুক্ত। কাঠমিস্ত্রির কাজ করে কলেজে পড়েন। সংসার চালান। রঙিন জামা কেনার জন্য ফরিদ তাঁর এক দিনের মজুরির অর্ধেক দিয়ে দিয়েছেন কুড়িগ্রাম বন্ধুসভার জামা কেনার তহবিলে।
ফাহিম বলেন, ‘আমাদের চাইতে যারা অসহায়, তাদের জন্যও তো কিছু করা দরকার। জামা কেনার টাকা দিয়ে আমার খুব আনন্দ লাগতেছে।’ রংপুর বন্ধুসভার আলমগীর কাইজার ও হোসাইন আল মামুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুজনই টিউশনি করে পড়ালেখা ও নিজেদের থাকা-খাওয়ার খরচ চালান। সেই টাকা থেকে অর্থ বাঁচিয়ে দুজনই ৩০০ টাকা করে মোট ৬০০ টাকা দিয়ে অসহায় শিশুদের জন্য জামা কিনেছেন।
রংপুরের বন্ধু অপূর্ব কৃষ্ণ রায়ও পিছিয়ে নেই। তিনিও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি একটি কোচিংয়ে পড়াতে শুরু করেছেন। একটি ক্লাস নিলে পান ২০০ টাকা। তিনি তাঁর প্রথম ক্লাসের টাকার সঙ্গে ৫০ টাকা যোগ করে ২৫০ টাকা দিয়ে রঙিন জামা কিনেছেন।
প্রতিটি জামার সুতোয় এমনই একেকটি গল্প বোনা রয়েছে।
বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করেন। তারপর দ্রুত খবরটি সারা দেশে বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ে। দেশের প্রায় সব কটি বন্ধুসভার বন্ধুরা তাঁদের নিজেদের টাকায় জামা কিনে সুবিধাবঞ্চিত শিশুদের উপহার দিতে কাজ শুরু করেন।
এবারই প্রথম সব বন্ধুসভা একযোগে নিজেদের অর্থে কেনা পোশাক দিচ্ছে শিশুদের। প্রায় সব তরুণ বন্ধু ঈদের কেনাকাটার বরাদ্দ থেকে টাকা বাঁচিয়ে এই উদ্যাগ নিয়েছেন। সাইদুজ্জামান রওশন বলেন, এই উদ্যোগটি প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের কাছে ঈদের সবচেয়ে বড় আনন্দ।