বন্ধুসভার সদস্যের স্মরণসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ‘তুমি রবে নীরবে’ শীর্ষক এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। প্রথম আলো বন্ধুসভা গাইবান্ধা কমিটির সদস্য হুমায়ুন কবির স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা বন্ধুসভা।
বন্ধুসভা গাইবান্ধা কমিটির সদস্য ও গাইবান্ধা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র হুমায়ুন কবির ২ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় নিহত হন। আলোচনার শুরুতে হুমায়ুন কবির স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
আলোচনায় অংশ নেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ জাহেদুল ইসলাম, ওই কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান জীবন কুমার সাহা, নিহত হুমায়ুন কবিরের বন্ধু মেহেরুজ্জামান, আমার বাংলা মাধ্যমিক বিদ্যাপীঠের পরিচালক নুরুল আলম, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জহুরুল কাইয়ুম, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি খন্দকার সারওয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রানা পাপুল, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে যানচালকদের সতর্ক থাকতে হবে এবং প্রশাসনকেও এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন অমিতাভ দাশ, খোন্দকার নিপন ও শিরিন আক্তার। সংগীত পরিবেশন করেন গাইবান্ধা বন্ধুসভার সাবেক সভাপতি চুনি ইসলাম, সংগীতশিল্পী সোমা সেন, আসফিয়া আক্তার, জিয়াউর রহমান প্রমুখ।
যন্ত্রে সহযোগিতা করেন মাহমুদ সাগর, মিজানুর রহমান ও মানিক বর্মণ।