বন্ধুসভার হেমন্তকালীন সাহিত্য আড্ডা
‘সবুজ পাতার খামের ভেতর/ হলুদ গাঁদা চিঠি লেখে/ কোন পাথারের ওপার থেকে/ আনল ডেকে হেমন্তকে...’ কবি সুফিয়া কামালের এই কবিতার মতো বন্ধুসভার সদস্যরাও হেমন্তকে ডাকলেন গান, কবিতা আর কথামালায়। ২০ নভেম্বর বিকেলে প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে বন্ধুসভার কক্ষে হয়ে গেল হেমন্তের সাহিত্য আড্ডা। চট্টগ্রাম বন্ধুসভার এই আয়োজনে বন্ধুরা পড়লেন নিজেদের লেখা কবিতা। পাশাপাশি ছিল গান আর আবৃত্তির পরিবেশনা। হেমন্ত নিয়ে বন্ধুদের স্মৃতিচারণাও আসরকে ভিন্ন মাত্রা দিয়েছে।
‘গ্রামে সকালে ধানগাছের ডগায় জমে থাকা শিশির যেন হেমন্তের আগমনধ্বনি জানান দেয়। এই সময় কৃষকের মুখে ফুটে ওঠে ফসলের হাসি। ঘরে ঘরে শুরু হয় নবান্ন উৎসব। একসময় সেই উৎসবে শামিল হয়ে আমরা নির্মল আনন্দে মেতে উঠতাম, যা এই শহুরে জীবনে কখনোই সম্ভব নয়।’ এভাবেই গ্রামে ফেলে আসা হেমন্তদিনের স্মৃতিচারণা করছিলেন এক বন্ধু। কারও বর্ণনায় উঠে এল হেমন্তে ফোটা গন্ধরাজ, মল্লিকা, শিউলি ও কামিনী ফুলের রূপে অভিভূত হওয়ার গল্পও। কেউ বললেন, ধানের খেত থেকে ধান কুড়িয়ে তা দিয়ে মোয়া কিনে খাওয়ার গল্প।
সাহিত্য আড্ডায় সংগীত পরিবেশন করেন তাহমিনা সানজিদা। কবিতা আবৃত্তি করেন ফাহিম উদ্দিন ও শিহাব জিশান। হেমন্ত নিয়ে স্মৃতিচারণা করেন সঞ্জয় বিশ্বাস, জয়নাল আবেদীন, নাজমুল হক, তসলিমুন নাহার, গোলাম রাব্বানী ও মুনতাসির মাহমুদ।