বন্ধুসভার ১৮তম জন্মবার্ষিকী পালন
ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুদের নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার উদ্যাপিত হলো প্রথম আলো বন্ধুসভার জন্মোৎসব। গতকাল বিকেল সাড়ে চারটায় সংগঠনের সূচনা সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নতুন–পুরোনো প্রায় তিন শ বন্ধুর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে এ অনুষ্ঠান।
১১ নভেম্বর ছিল বন্ধুসভার ১৮তম জন্মবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে বন্ধুসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে
শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, উপফিচার সম্পাদক জাহীদ রেজা নূর, ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন। এ ছাড়া উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের কয়েকজন বন্ধু।
মূল আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন বন্ধুসভার সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা জ্ঞাপন ও কেক কাটা। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে ছিল নাচ, গান, কবিতা, পুতুলনাচ ও মূকাভিনয়। অনুষ্ঠান শেষ হয় রাত সাড়ে আটটায়। ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি দেবলীনা সুর সবাইকে ধন্যবাদ জানান।