বন্ধেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা শিক্ষকদের
অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে ছুটির মধ্যেও আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
অধ্যাপক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে গতকাল রোববার অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়। গত শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়েছে। চলবে ২৬ মে পর্যন্ত। এ সময়ে প্রতিদিন আধা ঘণ্টা করে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে শিক্ষক সমিতি। এতে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও এসে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহা স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘১২ মে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে আসবেন—এ সংবাদে আমরা পুলকিত হইনি। কারণ, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যার ১৫ দিন পরও সরকারের উচ্চ মহলের কর্মকর্তারা এখানে আসেননি; যেখানে তাঁদের ঘটনার পরদিন আসা উচিত ছিল।’
ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র বলেন, ‘আমরা শিক্ষক রেজাউল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এখানে আসতে চেয়েছেন। আমরা চাই তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও আমাদের দাবি জানাতে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের দিলীপ কুমার সরকার। মানববন্ধন শেষে একটি মৌনমিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন বিভাগের সভাপতি মাসউদ আখতার ও শিক্ষার্থী অনিমা চৌধুরী।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরের শালবাগান এলাকায় নিজ বাসার কাছে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছে।