
রাজনৈতিক সহিংসতার পৃথক তিনটি ঘটনার পরিপ্রেক্ষিতে বন্ধ ঘোষণা করা হয় সিলেটের বড় ও ঐতিহ্যবাহী তিন শিক্ষাপ্রতিষ্ঠান—এমসি কলেজ, মদনমোহন কলেজ ও সরকারি কলেজের ছাত্রাবাস। বছরের পর বছর গড়ালেও ছাত্রাবাস চালু না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে কোনো কোনো ছাত্রাবাস বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রবাসের অভাবে তাঁরা বাইরে মেসে বসবাস করছেন। এতে অতিরিক্ত অর্থ ব্যয়, নিরাপত্তা ও শিক্ষার পরিবেশের অভাবে পড়াশোনা বিঘ্নিত হচ্ছে। দূরদূরান্তের অনেক ছাত্রই নিয়মিত শ্রেণিকক্ষে আসতে পারছেন না। তাঁদের ভাষ্য, ‘ছাত্রবাস বন্ধ করেই যেন কর্তৃপক্ষ ক্ষান্ত!’
সংস্কারেই দুই বছর পার: ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে ২০১২ সালের ৮ জুলাই এমসি কলেজের সেমিপাকা আসাম কাঠামোর ঐতিহ্যবাহী ছাত্রাবাসে আলোচিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছাত্রাবাসের ছয়টি ব্লকের মধ্যে তিনটি ব্লকের ৪২ কক্ষ ভস্মীভূত হয়। কলেজ ছাত্রাবাসে শিবির নিয়ন্ত্রিত কক্ষের দখল নিতেই ছাত্রলীগের দুই পক্ষ এক হয়ে এ আগুন দেয়। এ ঘটনার পর ছাত্রলীগ-ছাত্রশিবির মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি এড়াতে কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাসের ছয়টি ব্লকের ছাত্রদের আবাসিক সুবিধা বাতিল ঘোষণা করে।
কলেজ প্রশাসন জানায়, ছাত্রাবাসের ছয়টি ব্লকে ২৪৪ জন ছাত্রের আবাসন-সুবিধা ছিল। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ঘোষণায় ছাত্রাবাস পুনঃসংস্কারের প্রক্রিয়া শুরু হয়। সংস্কার শেষ হচ্ছে না বলে চালুও হচ্ছে না। অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ বলেন, ‘আশা করছি, কিছুদিনের মধ্যে ছাত্রাবাস সংস্কারের কাজ পুরোপুরিভাবে শেষ হবে। তখন মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছাত্রবাসে ওঠানো হবে।’
যেন ভুতুড়ে বাড়ি: সিলেট সরকারি কলেজে ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে ছাত্রাবাসের দখল নিতে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এ সময় তাঁরা ৫২টি কক্ষের দখল নেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ করে দেয়।
কলেজের আবাসন-সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা জানান, ছাত্রাবাসের ৫২টি কক্ষে ১৫৭ জন ছাত্র থাকতেন। কিন্তু ছাত্রাবাসটি পুনঃসংস্কারে কোনো উদ্যোগ নেয়নি কলেজ কর্তৃপক্ষ। কলেজ থেকে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে ছাত্রাবাসটি পুনঃসংস্কারের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পাঁচ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করে। ছাত্রলীগের নেতা-কর্মীদের বাধার কারণে এ প্রকল্প বাস্তবায়ন করা যায়নি।
তবে অধ্যক্ষ আশফাক আহমদ বলেন, ‘এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই।’ তিনি বলেন, ‘ছাত্রাবাস না থাকায় ছাত্রদের খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে, এটি সত্য। এটি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার লিখিত ও মৌখিকভাবে ছাত্রাবাসটি সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।’
উধাও ছাত্রাবাস: মদনমোহন কলেজে ২০০২ সালে ছাত্রদল-ছাত্রশিবিরের আধিপত্য বিস্তারের জের ধরে ওই সময়ে কলেজ ছাত্রদল নেতা দোয়েল নিহত হন। এরপর কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কলেজ ও লামাবাজার এলাকার ৮৪ আসনবিশিষ্ট ছাত্রাবাসটি বন্ধ ঘোষণা করে। কয়েক মাস পর কলেজের শ্রেণি কার্যক্রম শুরু হলেও ছাত্রাবাস আর চালু হয়নি। কয়েকজন শিক্ষক জানিয়েছেন, রাজনৈতিক সহিংসতা এড়াতে তৎকালীন কলেজ কর্তৃপক্ষ প্রকৌশলীদের মাধ্যমে ছাত্রাবাস বসবাসের অনুপযোগী বলে সেটিকে পরিত্যক্ত ঘোষণা করে। এরপর ভেঙে ফেলে সেখানে একটি একাডেমিক ভবন নির্মাণ করা হয়।
কলেজের বর্তমান অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, ‘ক্যাম্পাসের পরিসর ছোট হওয়ায় নতুনভাবে ছাত্রাবাস নির্মাণের উদ্যোগও আমরা নিতে পারছি না। যদি স্বল্পমূল্যে শহরতলির আশপাশে কোনো জায়গা কিনতে পারি, তবেই ছাত্রাবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।’