বন্ধের দিনেও কর্মব্যস্ত উপজেলা প্রশাসন
ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবারও জমজমাট ছিল সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসন। কর্মব্যস্ত ছিলেন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলা পরিষদে অবস্থান করে নির্বাচন করতে আগ্রহী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ছুটির দিন হলেও নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী নির্বাচনসংশ্লিষ্ট সব কার্যালয় খোলা থাকার কথা। সেই হিসেবে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদপ্রার্থী এবং তাঁদের কর্মী-সমর্থকেরা ভিড় জমাতে শুরু করেন। অনেকে গতকাল শুক্রবার ভালো দিন হওয়ায় মনোনয়নপত্রও জমা দেন।
উপজেলার চান্দাইকোনা ও ধামাইনগর ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম বলেন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে তিনজন, তিনটি পদে ১১ জন এবং সাধারণ সদস্য পদে ৫৪ জনের মনোনয়নপত্র নিয়েছেন গতকাল। ধামাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত পদে ১৪ ও সাধারণ সদস্য পদে ৪০ জন মনোনয়নপত্র নিয়েছেন। কয়েকজন গতকাল মনোনয়নপত্র জমাও দিয়েছেন বলে তিনি জানান।
ধামাইনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণকারী কৃষ্ণগোপাল চন্দ্র মাহাতো বলেন, ‘শুক্রবার ভালো দিন। আর সুযোগও আছে। তাই মনোনয়নপত্র জমা দিতে এসেছি।’
রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার বলেন, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন।