বন্ধের নির্দেশ উপেক্ষা করে কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন পার্বত্য জেলায় ভূমিবিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম বন্ধ রাখার জন্য আঞ্চলিক পরিষদ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসককে দেওয়া এই নির্দেশে বলা হয়েছে, এ প্রকল্প চালু হলে নতুনভাবে ভূমিবিরোধ সমস্যা দেখা দেবে। কিন্তু জেলা প্রশাসন তা উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছে। বন্ধের নির্দেশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের আশ্রয়ণ প্রকল্পের জন্য তাঁরা উপকারভোগীর তালিকা তৈরি করছেন। তালিকা পাঠানোর সময় আঞ্চলিক পরিষদের আপত্তির যৌক্তিকতা সম্পর্কেও প্রধানমন্ত্রীর দপ্তরকে জানানো হবে। গত বৃহস্পতিবার আঞ্চলিক পরিষদ সূত্রে জানা গেছে, বান্দরবানের ভূমিহীন ও বাস্তুহারাদের তালিকা দেওয়ার জন্য হেডম্যানদের (মৌজাপ্রধান) বলা হয়। কিন্তু পার্বত্য চট্টগ্রামে দরিদ্র জনগোষ্ঠী থাকলেও আশ্রয়ণ প্রকল্পের ব্যারাকে বসবাস করার মতো আশ্রয়হীন পরিবার নেই। এ জন্য নদীভাঙা ও বিভিন্ন সামাজিক বৈষম্যের চাপে আশ্রয়হীন হয়ে পড়া মানুষকে আশ্রয় দিতে সমতল এলাকার আশ্রয়ণ প্রকল্প পার্বত্য জেলাগুলোতে প্রযোজ্য নয় বলে আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেছেন।কে এম তারিকুল ইসলাম বলেন, আশ্রয়ণ প্রকল্পের কাজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তত্ত্বাবধান করা হয়। এ জন্য কাজ বন্ধ রাখার সুযোগ নেই। গত ১৭ নভেম্বর প্রধানমন্ত্রীর বান্দরবান সফরের সময়ও উপকারভোগীদের; বিশেষ করে দরিদ্র পাহাড়িদের তালিকা করার জন্য মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। এ জন্য বাস্তুহারা পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে। আঞ্চলিক পরিষদের নির্দেশ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, ভূমিবিরোধ-সংক্রান্ত বিষয়ে তাঁদের অবস্থান থেকে তাঁরা যৌক্তিকতা তুলে ধরেছেন। বিষয়টি জানানো হবে এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে নাইক্ষ্যংছড়ির কয়েকজন হেডম্যান বলেন, আঞ্চলিক পরিষদের নির্দেশের পরও বাস্তুহারাদের তালিকা তৈরির জন্য তাঁদের ওপর প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে। কীভাবে এবং কাদের বাস্তুহারা হিসেবে চিহ্নিত করবেন, এ বিষয়ে কোনো নির্দেশনা না থাকায় তাঁরা বিপাকে পড়েছেন। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চিঠিতে বলা হয়েছে, পার্বত্য চুক্তি অনুযায়ী ভারত প্রত্যাগত ও অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন এবং ভূমিবিরোধ নিষ্পত্তির কথা রয়েছে। এ লক্ষ্যে ভূমি কমিশন ও শরণার্থী টাস্কফোর্স করা হয়েছে। এসব বিষয় নিষ্পত্তি না করে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসন কার্যক্রম চালু হলে নতুনভাবে ভূমিবিরোধ-সংক্রান্ত জটিলতার সৃষ্টি হবে। আঞ্চলিক পরিষদের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা আশ্রয়ণ প্রকল্প বন্ধের নির্দেশের কথা নিশ্চিত করে বলেন, চিঠি দেওয়ার পর প্রশাসনের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তাঁরা আশ্রয়ণ প্রকল্পের পরিচালককে অবহিত করেছেন। এ ব্যাপারে এখনো আলাপ-আলোচনা চলছে।