বন্ধের পথে খুলনার শিল্প সম্পর্ক শিক্ষায়তন
খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার প্রতিষ্ঠান শিল্প সম্পর্ক শিক্ষায়তনটি (আইআরআই) বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শিক্ষক, আবাসন-সংকটসহ নানা কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।দীর্ঘদিন সংস্কার না করায় প্রতিষ্ঠানটির মূল ভবন, প্রশিক্ষকদের আবাসিক ভবন, অধ্যক্ষের বাসভবন ও ছাত্রাবাস ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। প্রশিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী-সংকটের কারণে প্রশিক্ষণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে।আইআরআইয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮১ সালে খুলনা দিঘলিয়া উপজেলার মীরেরডাঙ্গায় সাড়ে চার একর জমির ওপর প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। এখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ট্রেড ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারীদের শ্রম আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে তিনটি কোর্স চালু আছে। এগুলো হলো: এক দিনের, সাত দিনের ও এক মাসের কোর্স। কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ প্রতিমাসে তিন কোটি টাকা খরচ করা হয়। প্রতিবছর প্রায় ৫০০ জন প্রশিক্ষণার্থী এখানে প্রশিক্ষণ নেন। কিন্তু নানা সমস্যায় এর সংখ্যা এখন অনেক কমে গেছে।আইআরআইয়ের কার্যালয় সূত্রে জানা গেছে, এখানে সব মিলিয়ে ১৮টি পদের মধ্যে আটটিই শূন্য। এর মধ্যে প্রভাষকের তিনটি, গ্রন্থাগারিকের দুটি এবং উপশ্রম পরিচালক, অফিস সহকারী ও অডিও টেকনিশিয়ানের একটি করে পদ শূন্য রয়েছে।সরেজমিনে দেখা গেছে, দ্বিতলবিশিষ্ট মূল ভবনের অধিকাংশ স্থান থেকে পলেস্তারা খসে পড়ছে। ভবনের ওপর ও নিচতলা মিলিয়ে ১৫টি কক্ষ আছে। এর প্রায় ১০০ গজ দূরে প্রভাষকদের থাকার জন্য একটি তিনতলা ভবন আছে। দীর্ঘদিন সংস্কার না করায় এটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এই ভবনের প্রায় ৫০ গজ পূর্বে অধ্যক্ষের বাসভবন। এটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর প্রায় ১০০ গজ পূর্বে ছাত্রাবাস। এর অধিকাংশ স্থান ভেঙে পড়েছে।নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা ও কর্মচারী জানান, ভবনগুলো দ্রুত সংস্কার প্রয়োজন। এখানে যাঁরা প্রশিক্ষণ নিতে আসেন, তাঁদের থাকার জায়গা নেই। তাঁদের প্রশিক্ষণের জন্য সামান্য টাকা দেওয়া। ওই টাকা দিয়ে তাঁদের থাকা-খাওয়া হয় না। এ কারণে প্রশিক্ষণ নেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। এভাবে চলতে থাকলে একসময় কেউ প্রশিক্ষণ নিতে আসবেন না।প্রশিক্ষণ নিতে আসা কামরুল ইসলাম বলেন, এখানে কেউ প্রশিক্ষণ নিতে আসতে চান না। কারণ, থাকার জায়গা নেই। প্রশিক্ষণের জন্য প্রতিদিন যে ৭০ টাকা করে দেওয়া হয়, তা চাহিদার তুলনায় অনেক কম।আইআরআইয়ের অধ্যক্ষ খান আকতার হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের সমস্যার বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।’