বন্ধ্যাকরণে প্রতারণা, টাকা আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে দম্পতিদের স্থায়ী ও দীর্ঘমেয়াদি বন্ধ্যাকরণের নামে কয়েক লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। অন্য কারণে অস্ত্রোপচার করা রোগীদের বন্ধ্যাকরণ দেখিয়ে দুই বছরে ওই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।উপজেলা মা-শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা চিকিৎসক (এমসিএমএপি) গত বছরের ৩০ অক্টোবর একটি লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে দুই দফা তদন্ত হয়। সর্বশেষ তদন্ত প্রতিবেদন এখনো দেওয়া হয়নি। তবে তদন্ত কমিটির আহ্বায়ক বলেছেন, অভিযোগের আংশিক সত্যতা মিলেছে।স্থায়ী ও দীর্ঘমেয়াদি বন্ধ্যাকরণ গ্রহীতাকে সরকারিভাবে দুই হাজার টাকা দেওয়ার নিয়ম আছে।লিখিত অভিযোগে বলা হয়, গত দুই বছরে কুমারখালী মা ও শিশু কল্যাণকেন্দ্রে (মাতৃসদন) ৪৫০ দম্পতির লাইগেশনের নামে ১২-১৫ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। ভুয়া নাম ব্যবহার করে ওই সংখ্যক দম্পতি দেখানো হয়েছে। এর সঙ্গে কুষ্টিয়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তার, কুমারখালী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদুল হক, পরিবার কল্যাণ পরিদর্শক মঞ্জু আক্তার বানু ও ফাহমিদা আক্তার জড়িত।অভিযোগে উল্লেখ করা হয়, মাতৃসদনের বাইরে বেসরকারি কোনো হাসপাতালে বন্ধ্যাকরণ করা হলে নিয়মানুযায়ী যে চিকিৎসক অস্ত্রোপচার করবেন তাঁর স্বাক্ষর ফরমে ও নিবন্ধন খাতায় থাকার কথা। কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর, কুমারখালী, পান্টি এমনকি কুষ্টিয়া শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে কয়েক শ ছাড়পত্র সংগ্রহ করে বন্ধ্যাকরণ অস্ত্রোপচার বলে চালিয়ে দেওয়া হয়েছে।অভিযোগকারী কুমারখালীর এমসিএমএপি গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘অভিযোগটি জানানোর পর আমার ওপর হুমকি আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লেখা পত্রটি প্রত্যাহার করতে চাপ দেওয়া হয়।’অনুসন্ধানে জানা গেছে, কুমারখালীর পান্টি ইউনিয়নের দক্ষিণ রামনগর গ্রামের এক নারীর অস্ত্রোপচার করে জরায়ু কেটে ফেলা হয়। প্রায় তিন মাস পর কুমারখালী মাতৃসদনে সেই নারীকেই বন্ধ্যাকরণ করা হয়েছে বলে দেখানো হয়।ওই নারী প্রথম আলোকে বলেন, ‘আমার জরায়ুর নাড়িতে টিউমার হইছিল। এক বছর আগে বান্টি পিরাইভেট হাসপাতালে অপরাশেন করিছি। এর তিন মাস পর একজন আমারে কুমারখালী মাতৃসদনে নিয়ে গেইছিল। সেইখানে আমার কোনো অপারেশন করেছিল না। কিছু টাকা দিছে। আর আমার কাছ থাইক্যা একটা কাগজ রাখছে।’২০১০-এর আগস্টে কুমারখালীতে বন্ধ্যাকরণ করান কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের মিজানুর এবং আকুল শেখ। ওই মাসেই খোকসার গণেশপুর আদর্শ গ্রামের জিয়াকেও বন্ধ্যাকরণ করা হয়। অথচ আগেই তাঁদের স্ত্রীরা বন্ধ্যাকরণ করিয়েছেন।খোকসার ভবানীপুর গ্রামের আলম ২০০৬ সালে, নায়েব আলী ২০০৭ ও আবদুর রহমান ২০০৯ সালে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে বন্ধ্যাকরণ করেন। তাঁদের ২০১০-এর আগস্টে আবারও কুমারখালীতে বন্ধ্যাকরণ দেখানো হয়েছে।কুষ্টিয়া সদর উপজেলার জগতির দোস্তপাড়া গ্রামের শাহিন গত এপ্রিলে কুমারখালী মাতৃসদনে বন্ধ্যাকরণ করান। দুই হাজার টাকার বদলে তিনি এক হাজার টাকা পান। খরচের নামে বাকি টাকা রেখে দেওয়া হয়। পরে শাহিন ৩০-৩৫ জনকে কুমারখালীতে নিয়ে যান। তাঁদেরও এক হাজার টাকা করে দেওয়া হয়। শাহিন তাঁদের প্রত্যেকের কাছ থেকে ১০০-২০০ টাকা পেয়েছেন।অভিযুক্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদুল হক দাবি করেন, অভিযোগের কোনো সত্যতা নেই। তিনি বলেন, যেহেতু তদন্ত চলছে, তাই এখন তিনি কিছু বলবেন না। কুষ্টিয়া পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জেসমিন আক্তারও একই ধরনের কথা বললেন।দ্বিতীয় দফা গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক (নিরীক্ষা) আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তবে যে অভিযোগ পাওয়া গেছে তার আংশিক সত্যতা আছে।’