বন্য পাখি শিকারের দায়ে শিকারির সাজা
ফাঁদ পেতে বন থেকে বক শিকার করার দায়ে এক শিকারিকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম আতিয়ার রহমান (৪৫)। আজ বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আতিয়ার ফাঁদ পেতে ছয়টি বক শিকার করেন। গ্রামের তরুণ আলমগীর হোসেন তা দেখতে পেয়ে সৈয়দপুর থানায় খবর দেন। পুলিশ ওই পাখি শিকারিকে ফাঁদ, খাঁচা, ছয়টি বকসহ গ্রেপ্তার করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল-ইসলাম শিকারির ধরা বকগুলো অবমুক্ত করেন এবং বন্য প্রাণী আইন লঙ্ঘনের দায়ে শিকারিকে দণ্ড দেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, আতিয়ার রহমানের বাড়ি নীলফামারী সদর উপজেলার রামকলা গ্রামে। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।