বন্য প্রাণী ও পরিবেশ বাঁচায় প্রকৃতি ও দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীতে বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের র‌্যালির উদ্বোধন করা হয়। ছবিটি গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো
নরসিংদীতে বেলুন উড়িয়ে বিশ্ব পরিবেশ দিবসের র‌্যালির উদ্বোধন করা হয়। ছবিটি গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তোলা l প্রথম আলো

‘বন্য প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’ স্লোগান নিয়ে গতকাল রোববার বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, আলোচনা সভা, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: দিবস উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে শোভাযাত্রা বের করেন সংগঠনের সদস্যরা। এতে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক মো. খবির উদ্দিন, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক উবায়দুর রহমান সিদ্দিকী, বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি হাসান মাহমুদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি ছাত্র-শিক্ষক কেন্দ্রে গিয়ে শেষ হয়। সেখানে একটি পেয়ারাগাছের চারা রোপণ করা হয়। বিকেল পাঁচটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের অতিথিকক্ষে আলোচনা সভা হয়।
মুন্সিগঞ্জ: জেলায় খাল, নদী, জলাশয় দখল ও সিমেন্ট কারখানার মাধ্যমে বায়ুদূষণের প্রতিবাদে মানববন্ধন করে সচেতন নাগরিক কমিটি। জেলা শিল্পকলা একাডেমির সামনের সড়কে সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে কমিটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির সভাপতি হুমায়ূন কবির, সদস্য মুক্তিযোদ্ধা আলী আকবর, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী প্রমুখ।
দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ফজলে আজিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পরিবেশ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হক।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের বারান্দায় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের আয়োজনে গজারিয়ায় ব্র্যাক পরিচালিত নদীর তীরবর্তী স্কুলের শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে আঁকা ছবির প্রদর্শনীর উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক।
গাজীপুর: জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দুপুরে শহরের বঙ্গতাজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ জাহিদ আহসান। এতে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আমিরুল ইসলাম খান, জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া সুলতানা, মুক্তিযোদ্ধা হাতেম আলী প্রমুখ। পরে প্রধান অতিথি পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
নরসিংদী: সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামাল হোসেনের নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে এটি শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খন্দকার নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, শিক্ষাবিদ দিল আফরোজ বেগম, পরিবেশ অধিদপ্তর নরসিংদী কার্যালয়ের জ্যেষ্ঠ রসায়নবিদ মো. আবদুস সালাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ: সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ সভার আয়োজন করে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।
এ ছাড়া পরিবেশ অধিদপ্তর জেলা শহরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বেলা ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করা হয়। এরপর দুপুরে জেলা শহরের বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) স্যাকের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক, পাখিবান্ধব স্থানীয় সামাজিক সংগঠন পালক, বেসরকারি উন্নয়ন সংস্থা স্টেপ ও পাসা যৌথভাবে এসব কর্মসূচির আয়োজন করে।