মানুষ গাছপালা কেটে বন-জঙ্গল উজাড় করে প্রাণিকুলের পরিবেশ নষ্ট করছে, ফলে বন্য প্রাণী মানুষের বসবাসের খুব কাছাকাছি চলে আসছে। এ কারণেই প্রাণীদেহ থেকে বিভিন্ন রোগ মানুষের মাঝে ছড়াচ্ছে।
মূলত জীবজগতের বাস্তুসংস্থানের ক্রমাগত পরিবর্তনই প্রাণিদেহ থেকে মানুষে বিভিন্ন রোগ ছড়ানোর কারণ।
গতকাল শনিবার বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ১৯তম দ্বিবার্ষিক আন্তর্জাতিক সম্মেলন ও বার্ষিক সাধারণ সভার মূল প্রবন্ধে প্রাণিবিজ্ঞানী তৌহিদ উদ্দিন আহমেদ এ কথা বলেন। তিনি ‘জেনেটিক ডিজিজেস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি এভিয়ান ফ্লু, প্লেগ, নিপাহ ভাইরাস, অ্যানথ্রাক্স, ম্যাড কাউ রোগের কথা উল্লেখ করেন।
বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ‘আমরা প্রাণিকুল থেকে আসা নানা ধরনের রোগ নিয়ে ভাবছি। কিন্তু আইএস ভাইরাস নিয়ে তেমন ভাবছি না। এই ভাইরাসের কারণেই আমরা নিজেরা নিজেদের ধ্বংস করছি।’
প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি খান হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিয়ামুল নাসের প্রমুখ বক্তব্য দেন।