বন্য প্রাণী রাখায় নূর হোসেনের এক বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বন্য প্রাণী রাখার দায়ে নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ বিচারিক হাকিম আদালতের বিচারক এইচ এম শফিকুল ইসলাম আসামি নূর হোসেনের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। বন্য প্রাণী সংরক্ষণ আইনে আদালতে মামলাটি করা হয়েছিল।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী শাহজাদা দেওয়ান। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। রায় ঘোষণার পর আইনজীবী শাহজাদা দেওয়ান বলেন, অবৈধভাবে বন্য প্রাণী রাখার দায়ে নূর হোসেনের বিরুদ্ধে মামলা করার চার মাস পর রায় ঘোষণা করা হলো।

মামলার বাদী বন কর্মকর্তা ফজলুল হক বলেন, ‘নূর হোসেনের বাড়ি থেকে যেসব বিদেশি প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে, তা সংরক্ষণে কোনো আইনি অনুমতি ছিল না। আমরা তা আদালতে উপস্থাপন করেছিলাম।’

আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ ও হত্যার ঘটনায় আদালতের নির্দেশে গত ১৫ মে নারায়ণগঞ্জ পুলিশ ও বন কর্মকর্তারা নূর হোসেনের শিমরাইল মোড়ের বাড়িতে অভিযান চালান। এ সময় তাঁর বাড়ি থেকে বিরল প্রজাতির বেশ কয়েকটি পাখি ও কবুতরসহ প্রায় ৪১ প্রজাতির বন্য প্রাণী উদ্ধার করা হয়। ওই দিনই এ ঘটনায় গাজীপুর বন বিভাগের রেঞ্জার মো. ফজলুল হক বাদী হয়ে নারায়ণগঞ্জ বিচারিক হাকিম আদালতে মামলা করেন।

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন বর্তমানে ভারতের কলকাতার একটি কারাগারে বন্দী রয়েছেন। ভারতে অনুপ্রবেশের অভিযোগে সেখানে তাঁর বিরুদ্ধে বিচার চলছে।