বন্য প্রাণী সংরক্ষণে সচেতনতা সৃষ্টি
‘খাঁচার ভেতরে কসরত দেখাচ্ছিল বানরের বাচ্চাটি। লাফিয়ে লাফিয়ে একবার এ মাথা-ও মাথা করছিল। আবার কিছু সময়ের জন্য হাত-পা মেলে সটান দাঁড়িয়েছিল। কিন্তু ক্যামেরার মুখোমুখি হতেই তার যত লজ্জা। ক্লিক করার সময়ে বারবার মুখ ফিরিয়ে নিচ্ছিল।’
গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ষোলশহরের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ কার্যালয়ের গিয়ে দেখা যায়, কার্যালয়ের নিচতলায় একটি লোহার খাঁচায় রাখা হয়েছে বানরটিকে। সেখান থেকে পাঠিয়ে দেওয়া হবে চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে।
বানরের বাচ্চাটিকে ৯ অক্টোবর উদ্ধার করে আনা হয় হাটহাজারী উপজেলার বালুচড়ার খন্দকিয়াহাট থেকে। একই জায়গা থেকে উদ্ধার করা হয় তিনটি টিয়া পাখি। এগুলোকে ছোট দুটি খাঁচায় রেখে চিকিৎসা চলছে।
৮ অক্টোবর নগরের রিয়াজউদ্দিন বাজারের পাখি বিক্রেতারা ১০টি টিয়া পাখি দিয়ে গেছেন বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ কার্যালয়ে। সম্প্রতি বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের পক্ষ থেকে বন্য প্রাণী উদ্ধার অভিযানের পাশাপাশি শৌখিন পশুপাখি পালনকারী ও বিক্রেতাকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আনোয়ার হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা নগরের বিভিন্ন পাখির দোকানিকে বন্য পশুপাখি ধরা এবং বিক্রি বন্ধের অনুরোধ জানিয়েছি। একই কথা বলছি শৌখিন পালনকারীদেরও। এর ফলে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের কাছে বিভিন্ন পশুপাখি দিয়ে গেছেন। তা ছাড়া এখন এগুলো প্রকাশ্যে বিক্রিও অনেক কমে এসেছে। আমরা মনে করি, এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়ার চেয়ে উদ্বুদ্ধ করার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে পারলে অনেক বেশি সুফল পাওয়া যায়।’
বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর মাস থেকে এ পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা অন্যান্য প্রাণীর মধ্যে রয়েছে ১২৯টি কচ্ছপ, একটি বোস্তামী কাছিম, একটি শজারু, একটি বিন্টু রং, একটি ভালুক, ১৩টি মায়াহরিণ, একটি সাপ এবং ১৩টি টিয়া পাখি।
এসব পশুপাখি প্রথমে ষোলশহর বন্য প্রাণী সংরক্ষণ বিভাগে আনা হয়; সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয় সাফারি পার্কে। এখানে প্রয়োজনে ছোটখাটো চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে পাখিগুলোকে ছেড়ে দেওয়া হয়।