পরিযায়ী পাখিসহ সব বন্য প্রাণী হত্যাকারীদের কঠোর শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবাদীরা। গতকাল রাজধানীতে এক মানববন্ধনে তাঁরা অভিযোগ করেন, শৌখিন ও পেশাদার শিকারিদের পাশাপাশি এমনকি দেশের আইনপ্রণেতা, আইনরক্ষক ও সরকারি-বেসরকারি কর্মকর্তারাও অতিথি পাখি হত্যা করছেন।গতকাল রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি ও অভিযোগ তোলা হয়। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এবং রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এতে অংশগ্রহণকারীরা বলেন, আইন প্রয়োগে কঠোরতা নেই বলে দেশ হারাচ্ছে পরিবেশের জন্য অতি প্রয়োজনীয় জীববৈচিত্র্য।কর্মসূচির অংশ হিসেবে এর আগে পাখি ও বন্য প্রাণীর জীবনচক্রের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ রক্ষায় শপথবাক্য পাঠ করান পরিবেশ আন্দোলনকর্মী শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান।মানববন্ধনে বক্তারা আরও বলেন, মানুষ ব্যবসায়িক স্বার্থে ও শখের কারণে পাখি হত্যা ও খাঁচায় বন্দী করে রাখছে। কিন্তু এসব অন্যায় প্রতিরোধে সরকারি-বেসরকারিভাবে কার্যকর কোনো উদ্যোগ নেই। তাঁরা মনে করিয়ে দেন, মানুষ, প্রাণিকুল, গাছপালা—সবকিছু বিভিন্নভাবে একে অপরের ওপর নির্ভরশীল। তাই নিজেদের প্রয়োজনেই বন্য প্রাণী রক্ষা করা জরুরি।কর্মসূচিতে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের নেতৃত্বে পাখি রক্ষায় একটি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলটি পাখি বিক্রি বন্ধে জনমত সৃষ্টি করতে বিভিন্ন জায়গা পরিদর্শন করবে।