বন্য প্রাণী হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে পিটিয়ে বাঘ হত্যা ও বন্য প্রাণীর প্রতি নির্মমতার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’। জেলা কালেক্টরেট চত্বরে গতকাল রোববার এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বন্য প্রাণী, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের দাবি জানানো হয়। ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ও চ্যানেল আই প্রকৃতি ও জীবন ক্লাব এ মানববন্ধনে সহযোগিতা করে।
জনউদ্যোগের সাধারণ সম্পাদক মো. হাকিম বাবুল বলেন, ১০ ফেব্রুয়ারি শেরপুরের শ্রীবরদী শহরের জালকাটা এলাকায় চিতা বাঘের থাবায় নবনির্বাচিত পৌর মেয়র মো. আবু সাইদ গুরুতর আহত হন। এ সময় চিতা বাঘের আক্রমণ থেকে মেয়রকে উদ্ধার করতে গিয়ে দুই ব্যক্তি আহত হন। পরে উত্তেজিত জনতার পিটুনিতে বাঘটি মারা যায়। এ ছাড়া ২০ ফেব্রুয়ারি ঝিনাইগাতী উপজেলার শালধা গ্রামে একদল জনতা বাঘের শাবক ভেবে বিরল প্রজাতির প্রাণী একটি গন্ধগোকুলকে পিটিয়ে মেরে ফেলে। এসব ঘটনার প্রেক্ষাপটে এ মানববন্ধন করা হয়েছে বলে তিনি জানান।
সংগঠনের নেতারা বন্য প্রাণীর প্রতি সদয় হওয়া এবং লোকালয়ে বন্য প্রাণী দেখামাত্র তাকে বিরক্ত না করে বন বিভাগকে সংবাদ দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা বন্য প্রাণী, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. কামরুজ্জামান, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, জনউদ্যোগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, উদীচী শিল্পীগোষ্ঠী, শেরপুর জেলা শাখার সভাপতি তপন সরোয়ার প্রমুখ।