বন্য প্রাণীর আক্রমণে নিহতের জন্য এক লাখ টাকা ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্য প্রাণীর আক্রমণে নিহত হলে এক লাখ, আহত হলে ৫০ হাজার এবং বাড়িঘর ও ফসলের ক্ষতি হলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার বিধান রেখে চূড়ান্ত করা হয়েছে ‘বন্য প্রাণীর আক্রমণে জানমালের ক্ষতিপূরণ নীতিমালা-২০১০’। এই নীতিমালায় বন্য প্রাণী বলতে শুধু বাঘ, হাতি ও কুমিরের আক্রমণে হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে।বিষয়টি সম্পর্কে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার প্রথম আলোকে বলেছেন, নীতিমালাটি চলতি মাসেই মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। সেখানে অনুমোদন পেলেই শুরু হবে এর বাস্তবায়ন। মন্ত্রণালয় সূত্র জানায়, মূলত বিপদাপন্ন বন্য প্রাণীর সঙ্গে মানুষের সংঘাত কমিয়ে এনে ওই প্রাণীদের সংরক্ষণে সহায়তার অংশ হিসেবে এই নীতিমালা তৈরি করা হয়েছে।নীতিমালায় প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে একটি কমিটি করার কথা বলা হয়েছে। এই কমিটি বন্য প্রাণীর আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কত টাকা সহায়তা দেওয়া হবে, তা নির্ধারণ করবে। সম্পদহানির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এই কমিটির কাছে তাঁর ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরবেন।তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ বন্য প্রাণী ট্রাস্টের নির্বাহী চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের মতে, ক্ষতিপূরণ দিয়ে বন্য প্রাণী সংরক্ষণের প্রচেষ্টা বিশ্বের বেশির ভাগ দেশেই সফল হয়নি। বাঘ, হাতি ও কুমিরের মতো বিপদাপন্ন প্রাণীকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা বাড়ানোর প্রতিই গুরুত্ব দিতে হবে।নীতিমালায় কুমিরের আক্রমণে হতাহত হলেও ক্ষতিপূরণ দেওয়ার বিধান সম্পর্কে আনোয়ারুল ইসলাম বলেন, কুমির নিজের ইচ্ছায় মানববসতিতে আসে না। সুন্দরবন ছাড়া দেশের কোথাও আর কুমির নেই বলে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে বাণিজ্যিকভাবে কুমিরের চাষ করা হচ্ছে। ফলে পানিতে বা কুমিরের খামারে গিয়ে কেউ আক্রান্ত হলে তাঁর ক্ষতিপূরণ সরকারিভাবে দেওয়া ঠিক হবে না। নীতিমালাটি অনুমোদনের আগে এ বিষয়গুলো বিবেচনা করতে হবে।অজগর বাদ: নীতিমালার খসড়ায় বাঘ, হাতি ও অজগরের আক্রমণে নিহতদের দুই লাখ ও আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। অন্যান্য সাপের কামড়ে নিহত ও আহত ব্যক্তিদের ব্যাপারেও ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত শুধু বাঘ, হাতি ও কুমিরের বিষয় রেখে বাকিগুলো বাতিল করে দেয় অর্থ মন্ত্রণালয়।খসড়া প্রস্তাবটির ব্যাপারে মতামত চাওয়া হলে কৃষি মন্ত্রণালয় থেকে বন্য প্রাণীর আক্রমণে ফসলের ক্ষতিপূরণের বিষয়টি যুক্ত করার জন্য বলা হয়। বিশেষ করে, পার্বত্য চট্টগ্রাম ও শেরপুরে বন্য প্রাণীর আক্রমণে প্রতিবছর বিপুল পরিমাণ ফসল ও ঘরবাড়ির ক্ষতি হওয়ায় নীতিমালায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।বন্য প্রাণীর আক্রমণে ক্ষয়ক্ষতি: বন বিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের চাঁদপাই, খুলনা, সাতক্ষীরা ও শরণখোলা রেঞ্জে গত আট মাসে বাঘ-মানুষের সংঘর্ষের ৩০টি ঘটনা ঘটেছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের রামুতে হাতির আক্রমণে ছয়জন মারা গেছেন।বাংলাদেশে বাঘের আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যা পৃথিবীতে সর্বোচ্চ। প্রতিবছর গড়ে ২০-২৫ জন মানুষ প্রাণ হারায় বাঘের আক্রমণে। আর বাঘ মারা পড়ে প্রতিবছর গড়ে তিনটি করে।