বন্য শূকরের উপদ্রবে জুমের ধান বিনষ্ট
বান্দরবানের রোয়াংছড়িতে বন্য শূকরের উপদ্রবে জুমের অধিকাংশ ধান বিনষ্ট হওয়ায় জুমিয়া আদিবাসীদের মাথায় হাত উঠেছে। যেখানে জুমের ধান পেকে উঠেছে ও উঠছে, সেখানে বন্য শূকরের পাল হানা দিয়ে এক-দুই রাতের মধ্যে তা ধ্বংস করে দিচ্ছে বলে জুমিয়ারা জানিয়েছেন।কৃষি সম্প্রসারণ বিভাগ শূকরের উপদ্রবে জুমের ধান ও অন্যান্য ফসল বিনষ্ট হওয়ার কথা স্বীকার করে বলেছে, তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বন বিভাগকে অবহিত করেছে।জুমিয়ারা বলেছেন, রোয়াংছড়ি উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে রোয়াংছড়ি, আলেক্ষ্যং ও নোয়াপতং ইউনিয়নে জুমচাষিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নোয়াপতং ইউনিয়নের জুটিয়াপাড়ার আধিয়া তঞ্চঙ্গ্যা বলেছেন, তিনি পাঁচ আঢ়ি (১০ কেজিতে এক আঢ়ি) জমিতে জুম করেছেন। কিন্তু এর তিন-চতুর্থাংশ শূকরে খেয়ে ফেলেছে। তাঁদের পাড়ায় ১৩টি পরিবারের সবাই জুমচাষি এবং প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান সাহ্লা মং মারমা ও আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা বলেছেন, জুমচাষি প্রতিটি পরিবার কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, কোনো পরিবারই বছরের খোরাকি (জুমচাষিরা এক বছরের খোরাকির জন্য চাষ করেন) পাবে না। এ জন্য পরিবারগুলো অত্যন্ত সংকটে রয়েছে। নোয়াপতং ইউপি চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা বলেছেন, বনাঞ্চল উজাড় হওয়ায় শূকরের বাসস্থান ও খাবারের সংকট দেখা দিয়েছে। আবার দুই বছর আগে মুলি বাঁশের ফুল এসে বাঁশবন মরে ধ্বংস হয়ে গেছে। এর কারণে বর্ষাকালে শূকরের প্রধান খাদ্য বাঁশকোড়ল (কচি বাঁশ) না থাকায় জুমের ধানের ওপর হামলা করছে। রোয়াংছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ নাসির উদ্দিন বলেছেন, তাঁরা আলেক্ষ্যং ইউনিয়নে আংশিক তদন্ত করে ১০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছেন। আরও তদন্ত করা হবে। বিষয়টি বন বিভাগকেও লিখিতভাবে জানানো হয়েছে। উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী মারমা বলেছেন, ইউপি চেয়ারম্যানরা উপজেলা পরিষদকে জুমের ধানের ক্ষতির ব্যাপারে লিখিতভাবে জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা করে কৃষি সম্প্রসারণ বিভাগের মাধ্যমে তদন্ত করা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হবে।