বন্য হাতি তাড়াতে বিদ্যুতের দাবি
শেরপুরের গারো পাহাড়ে বন্য হাতির আক্রমণে নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার ৩০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের রাত কাটে হাতি-আতঙ্কে। প্রায় প্রতি রাতেই হাতিগুলো নেমে আসে খাবারের সন্ধানে। খাবার না পেয়ে ফসলি জমিতে নেমে ফসল নষ্ট করছে। বাড়িঘরে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ। হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ি মানুষ মশাল জ্বালিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। তাই তারা প্রশাসনের কাছে বিদ্যুতের দাবি জানিয়েছে। পাহাড়ি গ্রামের বাসিন্দারা জানান, হাতিগুলো প্রায় ১০ বছর আগে ভারতের পিক পাহাড় থেকে দলছুট হয়ে এখানে আসে। ভারতের কাঁটাতারের বেড়া ও বিএসএফের বাধার কারণে হাতিগুলো আবাসস্থলে ফিরে যেতে পারেনি। প্রথমে হাতির সংখ্যা ছিল ২০-২৫টি। বর্তমানে এ সংখ্যা ৪০টিরও বেশি। হাতির পালটি খাদ্যের সন্ধানে গারো পাহাড়ের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত চষে বেড়ায়। নির্বিচারে বনাঞ্চল উজাড় ও পাহাড় খনন করে পাথর, চিনামাটি ওঠানোর ফলে পাহাড়ি ঝরনাগুলো বন্ধ হয়ে গেছে। এ কারণে হাতির খাদ্য ও পানির সংকট সৃষ্টি হয়েছে। তাই বাধ্য হয়ে হাতির দল খাদ্যের সন্ধানে লোকালয়ে ছুটে আসে। এ সময় বাধা দিলে হাতির দল ক্ষিপ্ত হয়ে ধ্বংসযজ্ঞ চালায়।সর্বশেষ ৯ অক্টোবর হাতির আক্রমণে শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের আমিনুল ইসলাম (২৮) ও ফারুক আহমেদ মিস্টার (৩৬) হাতির পায়ে পিষ্ট মৃত্যুবরণ করেন।এলাকাবাসীর মতে, গত ১০ বছরে পাহাড়ি এলাকায় হাতির আক্রমণে নিহত হয়েছে ৫৩ জন এবং আহত হয়েছে শতাধিক। সম্পদ নষ্ট হয়েছে কোটি টাকার ওপরে। শ্রীবরদী উপজেলার বালিজুড়ি গ্রামের ফিলিপ মাস্টার ও মুক্তিযোদ্ধা অহির উদ্দিন বলেন, হাতির অত্যাচারে পাহাড়ি গ্রামের মানুষগুলো কোনো ফসলই ঠিকমতো ঘরে তুলতে পারবে না। তারা বলেন, ‘হাতির সঙ্গে সংঘাতে শুধু মানুষই প্রাণ হারাচ্ছে না, প্রাণ হারাচ্ছে হাতিও। এ পর্যন্ত বিভিন্ন দুর্যোগে হাতি মারা গেছে সাতটি। এলাকায় বিদ্যুতের ব্যবস্থা হলে ভালো হয়। আলো থাকলে হাতি আসতে ভয় পায়।’ পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. আজাদ মিয়া বলেন, ‘হাতি প্রতিবছর এলাকায় আক্রমণ করে। এলাকাবাসী সন্ধ্যা হলেই হাতি আতঙ্কে থাকে। আলো দেখে হাতি কিছুটা ভয় পায়। সীমান্তে জেনারেটরের মাধ্যমে আলোকিত করতে পারলে হয়তো কিছুটা রক্ষা পাওয়া সম্ভব।’রামচন্দ্রকুড়া-মণ্ডলিয়াপাড়া ইউনিয়নে পানিহাটা গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মো. লালু মিয়া (৫০) বলেন, ‘আমার দেড় একর জমির ফসল পাড়াইয়া মাডির লগে মিশাইয়া হালাইছে। কহন বাড়িঘরে আক্রমণ করে, হেই চিন্তায় আমগর ঘুম হারাম ওইয়া গেছে। আমরা বিদ্যুৎ চাই।’ রামচন্দ্রকুড়া-মণ্ডলিয়াপাড়া ইউপির চেয়ারম্যান আমানউল্লাহ বাদশা বলেন, সন্ধ্যা হলেই হাতি লোকালয়ে হানা দেয়। এলাকায় বিদ্যুতায়ন করা গেলে হাতির উপদ্রব থেকে রক্ষা পাওয়া সম্ভব। শেরপুরের জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান বলেন, গ্রামগুলোতে বিদ্যুতায়ন করা হলেই হাতির তাণ্ডব কমে যাবে, এটা ভাবা ঠিক নয়। তবে হাতি ও মানুষের সহ-অবস্থান তৈরি করা জরুরি। এর কোনো বিকল্প নেই। গারো পাহাড়ে হাতির পাল মূলত খাদ্যাভাবে বেপরোয়া হয়ে উঠেছে। তাই পাহাড়ে হাতির প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করে দিয়ে অভয়ারণ্য সৃষ্টি করতে পারলে হাতির তাণ্ডব থেকে রক্ষা পাওয়া সম্ভব।