বন্য হাতিটি ফের সিরাজগঞ্জের চরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রৌমারী দিয়ে গত ২৮ জুন বানের পানিতে ভেসে আসা ভারতীয় হাতিটি এখন যমুনা নদী পরিবেষ্টিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দুর্গম ছিন্ন চরে অবস্থান করছে। ১৮ জুলাই হাতিটি খাসরাজবাড়ী ইউনিয়ন হয়ে ওই চরে অবস্থান নেয়।
এ দিকে হাতিকে দেখার জন্য হাজার হাজার লোক ওই চরে ভিড় করেছে। রাজধানী ঢাকা থেকে বন বিভাগের প্রধান কার্যালয়ের বন্য প্রাণী পরিদর্শক ওয়াসিম মল্লিক গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি একটি দল নিয়ে হাতিটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঘটনাস্থল থেকে মনসুর নগর ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন বলেন, হাতিটি গতকাল ছিন্নার চর থেকে যমুনার একটি শাখানদী পার হয়ে আড়াই কিলোমিটার পশ্চিমে ছিন্না গ্রামের কাছে অবস্থান নিয়ে পাট ও ধানখেত তছনছ করছে। স্থানীয় লোকজন হাতিটিকে খাওয়ার জন্য কলাগাছ সরবরাহ করছেন।
বন্য প্রাণী পরিদর্শক ওয়াসিম মল্লিক বলেন, ‘হাতিকে দেখার জন্য লোকজন ভিড় করে আছে। অনেকে হাতিটির প্রায় ১০ থেকে ২০ হাত দূরের মধ্যে চলে যাচ্ছে। তবে হাতিটি শান্ত রয়েছে। লোকজনের ভিড়ের কারণে সে কোন দিকে যাবে, তা নির্ধারণ করতে পারছে না। আমরা লোকজনকে সরে যাওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রচার চালাচ্ছি।’ তিনি আরও বলেন, এলাকাটি দুর্গম হওয়ায় হাতিকে উদ্ধার করা দুঃসাধ্য হয়ে পড়েছে। প্রাণীটিকে নিজে থেকে চলার জন্য পথ করে দিতে হবে। হাতিটি নদী এলাকা থেকে ডাঙায় আসার পর সেটিকে সংজ্ঞাহীন করে উদ্ধার করা যেতে পারে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পাহারা দিচ্ছে।