বন্য হাতির আক্রমণে কৃষক নিহত
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন্য হাতির আক্রমণে ললেন মারাক (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। ললেন উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী গ্রামের মৃত মনোহর মৃর ছেলে। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে গারো পাহাড়ের ছোট গজনী এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে একদল বন্য হাতি ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বাকাকুড়া, ছোট গজনী, বড় গজনী, তাওয়াকুচা ও সন্ধ্যাকুড়া গ্রামে অবস্থান করছিল। ওই হাতিদের একটি দল গতকাল রাত ১২টার দিকে ছোট গজনী এলাকায় আক্রমণ করে। হাতির দলের আক্রমণ প্রতিরোধ করতে গেলে একটি হাতি ললেন মারাককে পিষ্ট করে ফেলে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে এলাকাবাসীর সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা তাঁর লাশ উদ্ধার করেন।
বন বিভাগের তাওয়াকুচা বিটের বিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম আজ শনিবার সকালে প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ললেন হাতির আক্রমণ থেকে রক্ষার জন্য তাঁর ধানখেত পাহারা দিচ্ছিলেন। সে সময় হাতির আক্রমণে তিনি মারা যান।
ঘটনাস্থল পরিদর্শন করে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা আজ শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে এক লাখ টাকা দেওয়া হবে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়ম অনুসারে অর্থ সহায়তা দেওয়া হবে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। পরিবারের আবেদনে নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত তিন মাসে শেরপুরের গারো পাহাড়ের ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে বন্য হাতির আক্রমণে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। এ সময় হাতির তাণ্ডবে অন্তত ১০টি ঘর বিধ্বস্ত হয়।