বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের গারো পাহাড়ের শ্রীবরদী সীমান্তে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। 

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মালাকুচা (হালুয়াহাটি) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাড়ু মিয়া (৬৫)। আর আহত দুজন হলেন কোপ্পার আলীর স্ত্রী আঙ্গুরি বেগম (৪০) ও তাঁর নাতনি মোছা. মাখন (৯)। তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর শেরপুরের গারো পাহাড় সীমান্তে হাতির আক্রমণে তিনজন নিহত ও চারজন আহত হলেন।

বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে একদল বন্য হাতি শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বালিজুড়ী, মালাকুচা ও ঝুঁলগাঁও গ্রামে অবস্থান করছিল। এদেরই একটি দল গতকাল রাতে ধান খাওয়ার জন্য মালাকুচা গ্রামের লোকালয়ে আসে। এ সময় হাতির দলটিকে তাড়ানোর জন্য স্থানীয় লোকজন ডাক-চিৎকার করলে হাতির দলের আক্রমণে নাড়ু মিয়া ঘটনাস্থলেই নিহত এবং আঙ্গুরি বেগম ও তাঁর নাতনি মাখন আহত হন।

রাণীশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদ রানা জানান, বর্তমানে ওই এলাকায় চরম হাতি আতঙ্ক বিরাজ করছে এবং এলাকাবাসী বিনিদ্র রাত যাপন করছেন।

শ্রীবরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাছরিন আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি প্রথম আলোকে বলেন, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মানুযায়ী অর্থ সহায়তা দেওয়া হবে।