বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি গ্রামে গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বন্য হাতির আক্রমণে জহুর আলম (৪৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়নের মফিজুর রহমানের ছেলে।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, গভীর রাতে ধানখেত পাহারা দিয়ে খামারবাড়িতে ফিরে আসার পথে একটি বন্য হাতি জহুর আলমের ওপর আক্রমণ চালালে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল আহম্মেদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন৷
স্থানীয় ঘিলাতলী বন বিট কর্মকর্তা মো. আলা উদ্দিন বলেন, খাদ্যের সন্ধানে বন্য হাতির দল গ্রামে এসে লোকজনের ওপর আক্রমণ চালাচ্ছে৷
পুলিশ ও বন বিভাগ সূত্র জানায়, গত রোববার ভোররাতে বন্য হাতির আক্রমণে মারা যান নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের আশারতলী গ্রামে কৃষক রশিদ আহমদ (৬১)৷ তিনি ওই গ্রামের মৃত আবদুল নবীর ছেলে৷
স্থানীয় সদর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নূর হোসেন বলেন, সারা রাত ধানখেতে তৈরি টংঘরে অবস্থান করে রশিদ আহমদ বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণের শিকার হন৷ এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান৷
গত ২ মে ভোররাতে রামুতে বন্য হাতির আক্রমণে এক গৃহবধূর মৃত্যু হয়েছিল৷ তিনিও টংঘরে বসে খেতের ধান পাহারা দিচ্ছিলেন৷ এ সময় বন্য হাতির দল আক্রমণ করলে তিনি ঘটনাস্থলে মারা যান৷
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বনাঞ্চলের গাছ উজাড় হওয়ায় খাদ্যসংকটে পড়েছে বন্য হাতিসহ নানা প্রাণী৷ বিশেষ করে বন্য হাতির দল খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে এসে লোকজনের খেতখামার, বাড়ির গাছপালা-ফলমুল খেয়ে ফেলছে৷ এতে বাধা দিলে আক্রমণ চালায়৷ ফলে হতাহতের ঘটনা বাড়ছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক রামু উপজেলার কয়েকজন জনপ্রতিনিধি বলেন, বর্তমানে সদর, রামু ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় তিন হাজারের বেশি চুল্লিতে বিষাক্ত তামাক পাতা পোড়ানো হচ্ছে৷ প্রতিটা চুল্লিতে তামাক পাতা পোড়াতে কমপক্ষে ৫০০ থেকে ৬০০ মণ জ্বালানিকাঠ মজুত রাখা হয়েছে৷ স্থানীয় বনাঞ্চল থেকেই এসব কাঠ সংগ্রহ করা হচ্ছে৷ ফলে বনাঞ্চল দ্রুত উজাড় হচ্ছে৷