বন্য হাতির আক্রমণে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের সীমান্তবর্তী পানবর গ্রামে বন্য হাতির আক্রমণে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামের মো. জহুরুল হক (৫০), ছুন্নত আলীর স্ত্রী অহিতন বেগম (৪৫) ও গুরুচরণ দুধনই গ্রামের আয়তুল্লাহ মুন্সির ছেলে মো. আবদুল হাই (৩২)।

এ সময় হাতির দল কয়েকটি বাড়ি ভাঙচুর ও খেতের ফসল বিনষ্ট করে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের পানবর গ্রামে এ ঘটনা ঘটে।

কাংশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনারউল্লাহ গতকাল রাত পৌনে ১০টায় প্রথম আলোকে বলেন, রাত নয়টার দিকে ৫০-৬০টি বন্য হাতি পাহাড় থেকে পানবর গ্রামের লোকালয়ে নেমে এসে এলোপাতাড়ি আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই হাতির দলের পায়ে পিষ্ট হয়ে জহুরুল হক ও অহিতন বেগম ঘটনাস্থলেই মারা যান। এ সময় আবদুল হাইকে হাতি পদপিষ্ট করে। তিনি নিখোঁজ ছিলেন। পরে তাঁর নিহত হওয়ার কথা জানা যায়।