বন্য হাতির আক্রমণে নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র তিন দিনের ব্যবধানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তে বন্য হাতির আক্রমণে বিবিরন বেওয়া (৪৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে নয়টার দিকে পশ্চিম বাকাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিবিরন ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের মৃত হজরত আলীর স্ত্রী। হাতির আক্রমণে তাঁর ঘরটিও বিধ্বস্ত হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে একদল বন্য হাতি ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী বাকাকুড়া, ছোট গজনী, বড় গজনী, তাওয়াকুচা ও সন্ধ্যাকুড়া গ্রামে অবস্থান করছিল। এদেরই একটি ছোট দল সোমবার রাত সাড়ে নয়টার দিকে পশ্চিম বাকাকুড়া গ্রামের বিবিরনের বাড়িতে আক্রমণ করে। হাতির আক্রমণ প্রতিরোধ করতে গেলে একটি হাতি বিবিরন বেওয়াকে পদপিষ্ট করে ছিন্নভিন্ন করে ফেলে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক প্রথম আলোকে বলেন, বর্তমানে হাতির আক্রমণের ভয়ে এলাকাবাসী নির্ঘুম রাত যাপন করছেন।

ঝিনাইগাতীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম রেজা হাতির আক্রমণে বিবিরনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এ নিয়ে গত তিন মাসে বন্য হাতির আক্রমণে শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে চারজনের মৃত্যু হলো।