বন্য হাতির আক্রমণে নিহত দুই ব্যক্তির পরিবারে অর্থ সহায়তা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে নিহত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের মধ্যে ৩ এপ্রিল এক লাখ টাকা করে অর্থ সহায়তা দিয়েছে বন বিভাগ।
জানা যায়, ২০১১ সালের জুনে বন্য হাতির আক্রমণে মারা যান উপজেলা সদরের সাবের আহমদ। তিনি দিনমজুরি করে চার সদস্যের সংসার চালাতেন।
একইভাবে ২০১৩ সালের মার্চ মাসে বন্য হাতির আক্রমণে মারা যান উপজেলার দৌছড়ি গ্রামের বদিউল আলম। তিনিও ছিলেন শ্রমজীবী। দীর্ঘদিন পর বন বিভাগ নিহত দুই পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকা করে দুই লাখ টাকার চেক তুলে দেয়।
নিহত সাবের আহমদের স্ত্রী লায়লা বেগম ও বদিউল আলমের স্ত্রী বুলবুল আকতারের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল।
এ সময় উপস্থিত ছিলেন লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাঈদ আলী, নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি নুরুল আলম প্রমুখ।