বন্য হাতির আক্রমণে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একদল বন্য হাতির আক্রমণে রমজান আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটায় লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের চান্দারবিল এলাকায় একটি কৃষি খামারে এ ঘটনা ঘটে। নিহত রমজান আলীর বাড়ি কলাউজান ইউনিয়নের নয়াহাট এলাকায়।
জানা যায়, রাতে বন্য হাতিরা খামারে খাবারের খোঁজে গেলে অন্যরা পালিয়ে যেতে পারলেও রমজান আলী হাতির আক্রমণের শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান।
পুটিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ জানান, দীর্ঘদিন ধরে পুটিবিলা এলাকায় বন্য হাতির আক্রমণ চলছে। বনাঞ্চলে খাদ্যের অভাবে হাতিগুলো লোকালয়ে চলে আসে।
ঘটনার সত্যতা স্বীকার করে লোহাগাড়ার ডলু বন বিট কর্মকর্তা মো. জাহাঙ্গীর জানান, নিহত রমজান আলীর পরিবারকে সরকারিভাবে আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।