বন্য হাতির আক্রমণে বীজতলা ক্ষতিগ্রস্ত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত বুধবার রাতে বন্য হাতির তাণ্ডবে কয়েক একর বোরো বীজতলা নষ্ট হয়ে গেছে। আবারো হাতির আক্রমণের আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার রাতেও ওই পাহাড়ি এলাকার বাসিন্দারা ফসল রক্ষায় পাহাড়া বসান।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সূত্রে জানা যায়, উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি নাকুগাঁও গ্রামে গত বুধবার গভীর রাতে ৩০ থেকে ৩৫টি বন্য হাতির একটি দল ঢুকে তিন থেকে চার একর বোরো বীজতলা তছনছ করে। বোরো ধান রোপণের এই শেষ সময়ে এসে বীজতলার এই ক্ষতিতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ওই এলাকার কৃষকেরা। গতকাল বৃহস্পতিবার আবারো হাতির আক্রমণের আশঙ্কায় রাত জেগে পাহাড়া দেওয়ার প্রস্তুতি নিয়েছেন তাঁরা।
নাকুগাঁও গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক আক্রাম হোসেন (৪৫) বলেন, তাঁর দুই কাঠা জমির বীজতলা হাতির দল তছনছ করেছে। অপর কৃষক আস্তর আলী (৪০) বলেন, গত বুধবার গভীর রাতে ৩০ থেকে ৩৫টি হাতির দল তাঁর বীজতলাসহ ১০ থেকে ২০ জন কৃষকের বীজতলা নষ্ট করেছে। পরে তাঁরা দলবেঁধে ঢাকঢোল বাজিয়ে, মশাল জ্বালিয়ে ভোররাতের দিকে হাতিগুলোকে তাড়াতে সমর্থ হন।
উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে হাতির দলটি চারআলী পাহাড়ে অবস্থান করছে। সাধারণত পাহাড়ে খাবারের সংকট দেখা দিলে খাবারের খোঁজে হাতির দল এভাবে লোকালয়ে নেমে আসে। বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হবে।