বন্য হাতির আক্রমণে বৃদ্ধ নিহত, এলাকায় ক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোররাত সোয়া চারটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় ঘটনাটি ঘটে। এলাকাবাসীর অভিযোগ, হাতির অবস্থান সম্পর্কে বন বিভাগকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।
ওই বৃদ্ধের নাম আবদুর রহমান (৭৫)। বাড়ি বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই সপ্তাহ ধরে দুটি বন্য হাতি দেয়াঙ পাহাড়ে ঘোরাফেরা করছে। সন্ধ্যা নামতেই পাহাড় থেকে নেমে এসে এলাকার কোনো না কোনো গ্রামে হানা দিয়ে ক্ষতি করছে হাতি দুটি।
এলাকাবাসীর ভাষ্য, প্রতিদিনের মতো ফজরের নামাজ আদায় করতে বাসা থেকে মসজিদে যাচ্ছিলেন আবদুর রহমান। আচমকা হাতি দুটির সামনে পড়ে যান। তাঁকে টেনে নিয়ে আছাড় মারে হাতি। এতে মারাত্মক আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, গত দুই সপ্তাহে হাতি দুটি উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর, কুলালপাড়া ও ফকিরখীল, বারশত ইউনিয়নের পশ্চিমচাল, বারখাইন ইউনিয়নের বেলচূড়া, বটতলী ইউনিয়নের চাঁপাতলী, জয়নগরপাড়া, কালাগাজীপাড়া ও গুচ্ছগ্রাম এলাকার ১০-১২টি কাঁচাঘর গুঁড়িয়ে দিয়েছে। এলাকার খেতখামার ও জমির ফসল ক্ষতি করছে। দেয়াঙ পাহাড়ে হাতির অবস্থান সম্পর্কে বন বিভাগকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা।
বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বলেন, গত কয়েক দিনে এলাকার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। বন বিভাগ আন্তরিক হলে এ ক্ষতি এড়ানো যেত। তিনি বলেন, বর্তমানে এলাকার বাসিন্দারা বন্য হাতির আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বৃহস্পতিবার সারা রাত এলাকায় ছিলাম। এরপরও ভোররাতে এক ব্যক্তি হাতির হামলায় মারা গেছেন।’ হাতির আক্রমণে নিহত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানান তিনি।