বন্য হাতির আক্রমণে ১৬ বসতঘর ক্ষতিগ্রস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের সত্যপীরের দরগা নামক এলাকায় বন্য হাতির আক্রমণে ১৬টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ১২-১৩টি বন্য হাতি সত্যপীরের দরগা এলাকায় আসে। এ সময় কাঁচা বসতঘরের লোকজন ভয়ে পাশের একটি পাকা ঘরে গিয়ে আশ্রয় নেন। এর কিছুক্ষণ পর হাতির দলটি ১৬টি কাঁচা বসতঘর ভাঙচুর করে বান্দরবানের পাহাড়ের দিকে চলে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মনির আহমদ বলেন, প্রতিবছর ওই এলাকাসহ পাশের গ্রামগুলোতে বন্য হাতি হানা দেয়। গত বছর ওই এলাকায় হাতির আক্রমণে এক নারী নিহত হন। তিনি বলেন, বন্য হাতির দল গতকাল ১৬টি কাঁচা বসতঘর ভাঙচুর করেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ব্যক্তিগতভাবে ৫০০ টাকা সাহায্য দেওয়া হয়েছে।

ইউএনও মোহাম্মদ উল্যাহ বলেন, সাহায্যের জন্য ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে।