বন্য হাতির উপদ্রবে মানুষ অতিষ্ঠ, রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নে একটি বন্য হাতির উপদ্রবে চার গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। ১৫ দিন ধরে রাত জেগে পালাক্রমে পাহারা দিচ্ছে গ্রামবাসী। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন জনপ্রতিনিধিরা।স্থানীয় লোকজন জানান, বছরের এ সময়ে বন্য হাতি প্রতিবছর পাকা ধানসহ বিভিন্ন ফসল খেতে বালুখালী, বালুখালী মুখ, মিতিংগাছড়ি ও লুলংছড়িসহ আশপাশের কয়েকটি গ্রামে নেমে আসে। আগের বছরগুলোতে তেমন ক্ষতি না করলেও এ বছর ব্যাপক ক্ষতি করছে। বাড়িঘরের বেড়া ভেঙে কলা, জাম্বুরা, নারকেলের মতো ফলমূলের গাছ নষ্ট করছে।লুলংছড়ি গ্রামের নিহার বিন্দু চাকমা (৩০) জানান, হাতিটি তাঁর প্রায় এক একর জমির আধা পাকা ধান খেয়ে এবং পায়ে দলে নষ্ট করেছে।বালুখালী মুখ গ্রামের কার্বারি (গ্রামের প্রধান) সুরেশ কুমার চাকমা (৪২) জানান, হাতিটি প্রায় চার দিন তাঁদের গ্রামে ছিল। ওই সময় গ্রামবাসী পালা করে রাতে পাহারা দিয়েছে। প্রায় সবাই নির্ঘুম রাত কাটিয়েছে।১৪৭ নম্বর লুলংছড়ি মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) রাঙাচান চাকমা (৪৭) বলেন, হাতিটিকে এক গ্রাম থেকে তাড়িয়ে দিলে অন্য গ্রামে গিয়ে তাণ্ডব চালাচ্ছে। এরই মধ্যে হাতিটি কমপক্ষে ১০ থেকে ১৫ লাখ টাকার ফসল নষ্ট করেছে। এতে আগামী এক বছর ওই চার গ্রামের বাসিন্দাদের চরম আর্থিক কষ্ট ভোগ করতে হবে।জুরাছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কেনন চাকমা জানান, তিনি বন্য হাতির আক্রমণের বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন। কিন্তু প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন বলেন, ‘বন্য হাতির আক্রমণের কথা শুনেছি। কী করব ভেবে পাচ্ছি না। আজকালের মধ্যেই বিষয়টি জেলা প্রশাসন ও বন বিভাগকে জানাব।’