বন্য হাতির তাণ্ডব কৃষকেরা আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় বন্য হাতির তাণ্ডবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। পাকা আমন ধানখেতে প্রতি রাতে হাতির দল হানা দেয়। ফসল রক্ষায় পাহাড়িদের নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।
সরেজমিনে পাহাড়িদের কাছ থেকে জানা যায়, পোড়াগাঁও ইউনিয়নের কৃষক ওসমান আলীর ৯০ শতাংশ, দলিল সাংমার ৭৫ শতাংশ, মিনিজ সাংমার ২৫ শতাংশসহ পাঁচ দিনে বুরুঙ্গা কালাপানি ও বাতকুচি গ্রামে হাতির দল ২০-৩০ একর জমির আধা পাকা ধান খেয়ে ফেলেছে। তাঁরা জানান, প্রতি রাতে ৩০-৩৫টি বন্য হাতির দল মধুটিলা এলাকার পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। ধান খেয়ে ধ্বংসযজ্ঞ চালায়। মশাল জ্বালিয়ে ঢাকঢোল পিটিয়ে হাতি তাড়াতে নির্ঘুম রাত কাটাতে হয় পাহাড়িদের। সমশ্চুড়া গ্রামের কৃষক মোবারক আলী বলেন, ‘রোববার রাত ১১টার দিকে ইকোপার্কসংলগ্ন পাহাড় থেকে ৩০-৩৫টি হাতির একটি দল লোকালয়ে নেমে আসে। আমি টংঘরে বসে খেত পাহারা দিচ্ছিলাম। দলটি প্রথমে আক্রমণ চালায় আমার টংঘরে। তিনদিক থেকে আমাকে ঘেরাও করে ফেলে। কোনোরকমে দৌড়ে পাহাড়ের টিলার ওপর গিয়ে জীবন রক্ষা করি। এরপর হাতির দল আমার টংঘরটি ভেঙে গুঁড়িয়ে দেয়। পরে মুহূর্তের মধ্যে ৯০ শতাংশ জমির ধান খেয়ে ফেলে।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজাদ মিয়া জানান, ধান পাকার মৌসুমে হাতির অত্যাচারটা বেশি হয়। প্রতি রাতেই হাতির দল লোকালয়ে হানা দেয়। হাতি তাড়াতে এলাকাবাসী রাত জেগে পাহারা বসিয়েছে। তবুও কোনো কাজ হচ্ছে না।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবেদ আলী প্রথম আলোকে বলেন, ‘এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’