বন্য হাতির তাণ্ডবে দোকানসহ ১১টি বসতঘর তছনছ, আহত ২
ভারতের আসাম থেকে আসা বন্য হাতির আক্রমণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তিনটি গ্রামের দোকানসহ ১১টি বসতঘর ভেঙে তছনছ হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা, কান্দারপাড়া ও বড়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হাতির আক্রমণে দুজন গ্রামবাসী আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে হাতিটি তদারকির জন্য ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিকেলে ঘটনাস্থলে পৌঁছেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বন্য হাতিটি গতকাল বৃহস্পতিবার উপজেলার কামরাবাদ ইউনিয়নে প্রবেশ করে। আজ শুক্রবার সকালে ঝিনাই নদী পাড়ি দিয়ে প্রথমে ধারাবর্ষা এবং পরে কান্দারপাড়া ও বড়বাড়িয়া গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। এর মধ্যে ধারাবর্ষা গ্রামে একটি দোকান ও সাতটি বসতঘর, কান্দারপাড়া গ্রামে দুটি বসতঘর এবং বড়বাড়িয়া গ্রামে দুটি বসতঘর ভেঙে ফেলে।
ধারাবর্ষা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলমগীর হোসেন জানান, আজ সকাল সাড়ে ১০টায় বন্য হাতিটি ধারাবর্ষা গ্রামে প্রবেশ করে তাণ্ডব চালায়। সে সময় একটি দোকানঘরসহ সাতটি বসতঘর ভেঙে তছনছ করে।
হাতির আক্রমণে গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মনিহারি দোকানসহ তাঁর দুটি বসতঘর ভেঙে যায়। এ ছাড়া বিল্লাল হোসেন ও বেলাল হোসেনের একটি, দুলাল মিয়ার দুটি এবং বিধবা জমিলা বেগমের একমাত্র বসতঘর ভেঙে ফেলে।
নজরুল ইসলাম (৪০) বলেন, ‘হাতিটি আমার দোকানের টিভি, ফ্রিজসহ অন্যান্য মালামাল ভেঙে কমপক্ষে তিন লাখ টাকার ক্ষতি করেছে।’
ওই সময় হাতির আক্রমণে ওই গ্রামের উমেদ আলী (৪৫) ও সাদ্দাম হোসেন (২০) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতিটি এরপর বেলা ১১টার দিকে কান্দারপাড়া গ্রামে প্রবেশ করে সিদ্দিকুর রহমান ও সাজু মিয়ার বসতঘর তছনছ করে।
এরপর বন্য হাতিটি বড়বাড়িয়া গ্রামে প্রবেশ করে সাগর মিয়া নামের এক ব্যক্তির দুটি বসতঘর তছনছ করে।
কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনছুর আলী খান জানান, গত দুই দিন ধরে বন্য হাতিটি এই ইউনিয়নে অবস্থান করছে। ইতিমধ্যে তিনটি গ্রামে হাতিটি আক্রমণ চালিয়েছে। লোকজন হাতির আক্রমণের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, গ্রামবাসীর নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে হাতিটিকে নজরে রেখেছে পুলিশ।
এদিকে হাতিটির তদারকির জন্য ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ রায়ের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বিকেল চারটায় কামরাবাদে এসে পৌঁছেছে। প্রতিনিধিদলে একজন প্রাণী চিকিৎসক রয়েছেন।