বন্য হাতির দল গিলে খাচ্ছে বিলের ফসল
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ও সরফভাটা ইউনিয়নের কয়েকটি বিলে উৎপাদিত ফসল গিলে খাচ্ছে বন্য হাতির দল। প্রতি রাতে হাতির দল গহিন অরণ্য থেকে ছুটে এসে নামছে বিলগুলোতে। অনেক চেষ্টা করেও ফসল রক্ষা করতে পারছেন না কৃষকেরা।স্থানীয় লোকজন জানান, চলতি মৌসুমে আউশ ধান পাকার পর থেকে ৭০-৮০টি বন্য হাতির একটি দল বিলে নামছে। ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পদুয়া ইউনিয়নের পেকুয়াপাড়া, চিপছড়ি, পূর্ব খুরুশিয়া বিলের দুই শতাধিক কৃষকের পাকা আউশ ধান খেয়ে সাবাড় করেছে তারা। এ ছাড়া সরফভাটা ইউনিয়নের বড়খোলা, জঙ্গল সরফভাটা ও নারিশ্চা বিলের শত শত একর জমির আউশ ধান বন্য হাতির পেটে চলে গেছে। এরা প্রতি রাতেই বিলগুলোতে নেমে পাকা ফসল খেয়ে তছনছ করছে।রাঙ্গুনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, উপজেলার পদুয়া, সরফভাটা, শিলক ও কোদালা ইউনিয়নের বিলগুলোত প্রতিবছর আউশ, আমন ও বোরো ধান পাকলে বন্য হাতির দল নেমে আসে। এমনকি কৃষকের ঘরের গোলাভরা ধান খাওয়ার জন্য বসতঘরেও হানা দেয় এরা। এ সময় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ও শুঁড়ের আঘাতে গরু, ছাগল, হাঁস-মুরগি ও মানুষ মারা যায়।পদুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সেলিম জানান, বন্য হাতিগুলো খুবই হিংস্র। লোকজন কাছে যেতে ভয় পায়। তা ছাড়া, এদের আক্রমণ প্রতিহত বা তাড়ানোর কৌশল লোকজনের জানা নেই। তার পরও ফসল বাঁচাতে রাতে মশাল জ্বালিয়ে পাহারা বসিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করছেন কৃষকেরা। তাতে কোনো কাজ হচ্ছে না বলে জানান তিনি। তিনি বলেন, বন্য হাতি সংরক্ষণ ও শাসনের দায়িত্ব বন বিভাগের। কিন্তু বছরের পর বছর রাঙ্গুনিয়ার চার ইউনিয়নে এদের আক্রমণে বসতঘর ভাঙচুর, ফসল নষ্ট এবং গবাদিপশু ও মানুষের প্রাণহানি ঘটলেও বন বিভাগ কার্যকর কোনো ভূমিকা পালন করছে না।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহুরুল হক এ প্রসঙ্গে বলেন, বন্য হাতি থাকার কথা গহিন অরণ্যে। কিন্তু রাঙ্গুনিয়ার সংরক্ষিত বনাঞ্চলে অরণ্য বলতে কিছুই নেই। তাই খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে আসছে এরা। আর এই হাতির দল রাতে নেমে আউশ ধান খেয়ে ভোরের দিকে চলে যায়। এ কারণে ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়েছে।