বন্য হাতির ভয়ে হাজার একরে চাষাবাদ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্য হাতির ভয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বড়খোলা ও জঙ্গল সরফভাটা গ্রামের প্রায় এক হাজার একর জমিতে ধান ও সবজি চাষ করতে পারছেন না কৃষকেরা। সম্প্রতি হাতির আক্রমণে দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।চার বছর ধরে চাষাবাদ করতে না পারায় গ্রাম দুটির দুই শতাধিক কৃষক-পরিবারে চরম খাদ্য-সংকট ও অর্থাভাব দেখা দিয়েছে। বন্য হাতির উপদ্রব থেকে রক্ষার জন্য কৃষকেরা বনবিভাগ ও উপজেলা প্রশাসনে আবেদন করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। তবে কৃষি বিভাগ ও প্রশাসন হাতির সঙ্গে সহাবস্থানে থেকে কৃষকদের চাষাবাদের পরামর্শ দিয়েছেন।উপজেলার সরফভাটা ইউনিয়নের বড়খোলা গ্রামের কৃষক অনন্ত মারমা ও জঙ্গল সরফভাটা গ্রামের ফরিদুল ইসলাম জানান, চারপাশের দুর্গম পাহাড়ি এলাকা থেকে ৭০-৭৫টি বন্য হাতির দল লোকালয়ে হানা দিয়ে কৃষকদের উৎপাদিত কাঁচা-পাকা ধান, সবজি ও ফলের বাগান খেয়ে ফেলে। ১০-১১ বছর ধরে এমন চলছে।সরফভাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল ইসলাম জানান, ওই দুই গ্রামের দুই শতাধিক কৃষক আমন ও বোরো ধানের চাষ করেন। রবি মৌসুমে সবজিখেত ও ফলের বাগান করেন কেউ কেউ। চার বছর ধরে চাষাবাদ করতে না পারায় কৃষকেরা অর্থাভাবে পড়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, গ্রাম দুটির আশপাশের প্রায় ৪০০ একর জমিতে প্রতি বছর আমন ও বোরো ধানের চাষ হয়। প্রায় ৬০০-৭০০ একর জমিতে সবজি ও ফলের বাগান করেন কৃষকেরা। কিন্তু হাতির ভয়ে এখন তাঁরা চাষাবাদ করতে পারছেন না।চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহিরুল হক জানান, হাতির উপদ্রব মোকাবিলার জন্য বিট কার্যালয়গুলোতে প্রয়োজনীয় জনবল ও উপকরণ নেই। এদের তাড়াতে গিয়ে বনকর্মী ও কর্মকর্তাদের অনেকে আহত হয়েছেন বহুবার। তিনি জানান, প্রতিবছর লোকালয়ে হানা দিয়ে এরা ফসল খাওয়ার পাশাপাশি আদিবাসী ও স্থানীয় বাসিন্দাদের গরু-ছাগল, মহিষসহ গৃহপালিত পশু মেরে ফেলছে। বহু মানুষের ঘরবাড়ি ভেঙে তছনছ করছে। ঘটছে জীবনহানিও। ২ জুলাই বন্য হাতির আক্রমণে জঙ্গল সরফভাটা গ্রামের আমির আলী (১৮) ও লিয়াকত (২২) আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী জানান, বন্য হাতির সঙ্গে সহাবস্থানে থাকার প্রয়োজনীয় কৌশল সম্পর্কে সচেতন হলে এ সমস্যা নিরসন হতে পারে। এ ছাড়া খাদ্য হতে পারে, এমন গাছের বাগান সৃজনের উদ্যোগ নিলে এদের লোকালয়ে ছুটে আসা বন্ধ হতে পারে।চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক কৃষ্ণপদ সাহা প্রথম আলোকে জানান, বন্য হাতির সঙ্গে সংঘর্ষ করে তো কিছুই হবে না। সহাবস্থানে থেকে চাষাবাদ করতে হবে। কৃষকেরা সংঘবদ্ধভাবে চাষাবাদ করতে গেলে এদের আক্রমণ থেকে রেহাই পাবেন। এ ছাড়া কৃষকেরা যেখানে চাষাবাদ করবেন, সেখানে বনকর্মীদের অধিকতর নজর রাখার ব্যবস্থা করা হবে।