বন্য হাতির হামলায় আহত ১
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দুটি সীমান্তবর্তী গ্রামে ২০-২৫টি বন্য হাতি হানা দিয়ে ১২টি ঘর লন্ডভন্ড করেছে। হাতির আক্রমণে এক গৃহবধূ আহতও হয়েছেন।
গত মঙ্গলবার রাত দুইটার দিকে বকশীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা ধানুয়াকামালপুর ইউনিয়নের যদুরচর ও বালুরচর গ্রামে হাতিগুলো আক্রমণ চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস ওই এলাকায় বন্য হাতির হামলা বন্ধ ছিল। হঠাৎ মঙ্গলবার রাতে একদল হাতি দুই গ্রামে চড়াও হয়। তারা ছয়টি পরিবারের ১২টি ঘর লন্ডভন্ড করে দেয়। এ সময় যদুরচর গ্রামের মোহাম্মদ মোস্তফার স্ত্রী রত্না বেগম গুরুতর আহত হন। তাঁকে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বালুরচর গ্রামের মো. মোছা মিয়া বলেন, ‘সীমান্তের ১ হাজার ৮৬ নম্বর পিলার এলাকার একটি গেট ভেঙে ২০-২৫টি হাতি মঙ্গলবার রাতে প্রথমে বালুরচর গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসী হাতিগুলোকে প্রতিরোধের চেষ্টা চালান। একপর্যায়ে হাতিগুলো যদুরচর গ্রামে ঢুকে পড়ে এবং সেখানকার ছয়টি পরিবারের ১২টি টিনশেড ভেঙে চুরমার করে ফেলে। পরে দুই গ্রামের বাসিন্দারা মিলে মশাল জ্বালিয়ে হইহুল্লোড় শুরু করলে রাত সাড়ে চারটার দিকে হাতিগুলো লোকালয় ছেড়ে পাশের একটি পাহাড়ে চলে যায়।
বুনো হাতি সাধারণত ধানজাতীয় খাবারের সন্ধানে লোকালয়ে হানা দেয়। বন ধ্বংসের মাধ্যমে হাতির পুরোনো চলাচলের পথে জনপদ গড়ে ওঠাও এ সমস্যার অন্যতম কারণ বলে মনে করেন বিশেষজ্ঞরা।
ধানুয়াকামালপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, হাতির পাল গত রাতে ছয়টি পরিবারের ১২টি ঘর লন্ডভন্ড করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য দেওয়া হবে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতির আক্রমণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।