মাত্র ২২০ মিটারের জন্য ভোগান্তি লাখো মানুষের

সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ প্রায় দুই মাস ধরে বন্ধ। বন্যার সময় পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সেতুর পূর্ব পাশে ২২০ মিটার ধসে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

বন্যায় সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর এলাকার ব্যাপক ক্ষতি হয়েছে। এবড়োখেবড়ো হয়ে থাকায় মানুষ এই অংশ দিয়ে হেঁটে চলাচল করছে।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ প্রায় দুই মাস ধরে বন্ধ। বন্যার সময় পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সেতুর পূর্ব পাশে ২২০ মিটার ধসে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। এতে জেলা সদরে যাতায়াত করতে গিয়ে উপজেলার কয়েক লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সুনামগঞ্জ জেলা সদর থেকে তাহিরপুর উপজেলার দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা থেকে তাহিরপুর উপজেলার আনোয়ারপুর পর্যন্ত আট কিলোমিটার সড়ক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে। এ উপজেলার মানুষের জেলা সদরসহ দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াতের প্রধান সড়ক এটি। পাশাপাশি তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরসহ বেশ কিছু দর্শনীয় স্থান থাকায় বছরজুড়ে এখানে পর্যটকেরা আসেন। কিন্তু সড়কের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর এলাকায় সেতুর পূর্ব পাশে ২২০ মিটার অংশ প্রায় প্রতিবছরই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এতে ভোগান্তিতে পড়ে মানুষ।


স্থানীয় সূত্র জানায়, এবার জুন মাসে প্রথম দফা বন্যায় ওই স্থানটি আবার ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে জেলা সদরের সঙ্গে তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর ওই স্থান দিয়ে মানুষ নৌকায় পারপার হয়েছে প্রায় এক মাস। এখন বন্যার পানি কমে যাওয়ায় তাহিরপুর থেকে লোকজন আনোয়ারপুর এলাকায় এসে ভাঙা অংশ হেঁটে পার হচ্ছে। একইভাবে জেলা শহর থেকে লোকজনকে সেখানে গিয়ে ভাঙা অংশ হেঁটে পার হয়ে নতুন করে যানবাহনে উঠতে হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হয় মানুষকে। এলাকাবাসী ওই স্থানটি স্থায়ীভাবে সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। কিন্তু কাজ আর হচ্ছে না।

সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের এই ২২০ মিটার অংশ মেরামত না করায় সুনামগঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে তাহিরপুর। সম্প্রতি তোলা ছবি।
ছবি: প্রথম আলো

আনোয়ারপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, সড়কের ওই ভাঙা অংশের জন্য দুই বছর ধরে লোকজন বেশি ভোগান্তি পোহাচ্ছে । এর আগে বন্যায় সড়কের ওই স্থান ক্ষতিগ্রস্ত হলেও যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়নি। এবার মার্চ মাসে ওই স্থানে কিছু সংস্কারকাজ হয়েছে। ঠিকাদার পাকা ব্লক দিয়েছিলেন। কিন্তু প্রথম দফা বন্যার সময় সেগুলো ঢলের পানির তোড়ে স্থানচ্যুত হয়। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় বড় বড় গর্তের। এ কারণে এই স্থান দিয়ে এখন পানি নেমে গেলেও কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

এ বিষয়ে স্থানীয় কয়েক ব্যক্তি বলেন, ইচ্ছে করলে দ্রুত কাজ শেষ করা যেত। কিন্তু সংস্কারকাজে ধীরগতির কারণেই এ সমস্যা হয়েছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উদাসীনতা রয়েছে। মানুষের ভোগান্তিকে তারা আমলে নিচ্ছে না।

আনোয়াররপুর এলাকার শিক্ষক আবু তাহের বলেন, ‘এই অল্প জায়গার জন্য চরম ভোগান্তিতে রয়েছে একটি উপজেলার মানুষ। অথচ এই সড়ক দিয়ে প্রশাসনের বড় বড় কর্মকর্তা ও জনপ্রতিনিধি যাতায়াত করেন। কিন্তু সড়ক সংস্কারের ব্যাপারে কারও কোনো গরজ নেই। এ নিয়ে কেউ কোনো কথা বলেন না। এই সড়কের সিএনজিচালিত অটোরিকশাচালক মোসাদ্দেক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দুই মাস ধরে সড়ক বন্ধ। আমাদের আয়রোজগার কমে গেছে। মানুষজনও দুর্ভোগ পোহাচ্ছে। এক মাস তো খেয়ানৌকায় পারাপার হয়েছে লোকজন। এখন পানি কমলেও যানবাহন চলাচল করতে পারছে না। সড়ক সংস্কারের জন্য বারবার দাবি জানালেও কাজ লাভ হয়নি।

এই অল্প জায়গার জন্য চরম ভোগান্তিতে রয়েছে একটি উপজেলার মানুষ। অথচ এই সড়ক দিয়ে প্রশাসনের বড় বড় কর্মকর্তা ও জনপ্রতিনিধি যাতায়াত করেন। কিন্তু সড়ক সংস্কারের ব্যাপারে কারও কোনো গরজ নেই। এ নিয়ে কেউ কোনো কথা বলেন না।
আরও পড়ুন
সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের দুরবস্থার কারণে শুধু এই উপজেলার মানুষ নয়, হাওর দেখতে আসা পর্যটকেরাও দুর্ভোগে পড়ছেন। আমি বিষয়টি নিয়ে প্রশাসন ও এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। সর্বশেষ আমাকে বলা হয়েছে, এ মাসেই কাজ শুরু হবে। এবার শুকনো মৌসুমেই কাজ শেষ হবে।
করুণা সিন্ধু চৌধুরী, চেয়ারম্যান, তাহিরপুর উপজেলা পরিষদ

এ বিষয়ে এলজিইডি সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কের ওই অংশ সংস্কারের জন্য ২ কোটি ৮৪ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২২০ মিটার অংশের দুই পাশে পাকা প্রতিরক্ষা দেয়াল দিয়ে মাঝখানে ২৪ ফুট প্রস্থের টেকসই ঢালাই দেওয়া হবে। এতে বন্যার পানিতে প্লাবিত হলেও সড়ক আর ক্ষতিগ্রস্ত হবে না। পাহাড়ি ঢলের বিষয়টি ভাবনায় রেখে এভাবেই নকশা করা হয়েছে। গত মার্চ মাসে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। কাজ শুরুও হয়েছিল। কিন্তু এরপর তিন দফা বন্যার কারণে আর কাজ করা যায়নি।