বন্যা আশ্রয়কেন্দ্র ভেঙে ভবন করছেন মেয়র

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা আশ্রয়কেন্দ্র ভেঙে সেখানে বহুতল বিপণিবিতান নির্মাণ করছেন পৌরসভার মেয়র তাকজিল খলিফা। জমিটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত।
গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব কাজী আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত বন্যা আশ্রয়কেন্দ্র ভাঙা থেকে বিরত থাকতে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফাকে নির্দেশ দেওয়া হলেও তিনি মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন।
চিঠিতে ওই ভূমিতে পৌর বিপণিবিতান নির্মাণ বিষয়ে মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের অনুমতি, বিপণিবিতান নির্মাণে অর্থের উৎস, ওই জমি অধিগ্রহণ বা কেনা হয়েছে কি না, জানতে চায় মন্ত্রণালয়। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও গত মার্চের প্রথম দিকে আশ্রয়কেন্দ্রটি ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব ১৮ মার্চ জেলা প্রশাসক ও একই তারিখে উপজেলার সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তাজুল ইসলাম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে বিষয়টি লিখিতভাবে জানান।
এ বিষয়ে মেয়র তাকজিল খলিফা বলেন, ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের সাধারণ সভায় মার্কেট নির্মাণের জন্য এই জায়গাটি পৌরসভার অনুকূলে হস্তান্তরের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। মেয়র দাবি করেন, উপজেলা পরিষদ এই জায়গা পৌরসভাকে বরাদ্দ দিয়েছে। ২০১৩ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় পৌর বিপণিবিতান নির্মাণের প্রাক্কলন অনুমোদন দিয়েছে।
২৪ মে সরেজমিনে দেখা যায়, বিপণিবিতান নির্মাণের ওই জায়গাটির উত্তর পাশ ঘেঁষেই আখাউড়া পৌরসভা কার্যালয়। সেখানে বন্যা আশ্রয়কেন্দ্রটির নাম-নিশানাও নেই। বিশাল এই জায়গাটি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। এর ভেতরে মাটি পরীক্ষা ও ভিত্তিস্তম্ভ স্থাপনের কাজ চলছে।
জেলা প্রশাসকের কার্যালয় এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ৫০৯ ও ৫১০ নম্বর এসএ খতিয়ানের ভূমি মন্ত্রণালয়ের ৪১ শতকের এই জায়গাটি বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের নামে লিপিবদ্ধ। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে আখাউড়া সড়ক বাজারে ১৯৭৪ সালে সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিজস্ব অর্থায়নে ওই বন্যা আশ্রয়কেন্দ্র (আধা পাকা ভবন) নির্মাণ করা হয়।
আখাউড়া উপজেলা পরিষদ ও পৌরসভা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৪ আগস্ট আখাউড়া পৌরসভার মেয়র এই জায়গায় বহুতল বিপণিবিতান নির্মাণের জন্য ১০ কোটি টাকা ব্যয় ধরে জাতীয় দৈনিকে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি দেন। ২৪ আগস্ট উপজেলা পরিষদের সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয় এবং সেখানে বিপণিবিতান নির্মাণের কাজ বন্ধ রাখতে সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত মেয়রকে জানানোর পরও বিপণিবিতানের নির্মাণকাজ চলতে থাকে। ওই বছরই দরপত্র গ্রহণ এবং ঠিকাদার নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করে পৌর কর্তৃপক্ষ। বর্তমানে সানবীম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণের কাজ করছে।
তৎকালীন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে আমরা ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু মেয়র কর্ণপাত করেননি।’
জেলা প্রশাসক মোশাররফ হোসেন বলেন, জায়গাটি ভূমি মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসকের নামে লিপিবদ্ধ। তাই উপজেলা পরিষদ কোনোভাবে এই জায়গা পৌরসভাকে হস্তান্তর করতে পারে না। আর বন্যা আশ্রয়কেন্দ্র ভাঙার বিষয়ে জেলা প্রশাসনের কোনো অনুমতিই নেননি মেয়র। এ বিষয়ে ৯ এপ্রিল স্থানীয় সরকারকে বিষয়টি পুনরায় লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা পিআইওর কার্যালয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নির্দেশে পিআইও তাজুল ইসলাম ২০১৩ সালের ১৫ অক্টোবর একটি মামলা এবং একই বছরের ২১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী জজ আখাউড়া আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি দেওয়ানি মামলা করেন। কিন্তু মামলাটি যথাযথভাবে পরিচালিত না হওয়ায় পরের বছর আদালত মামলাটি খারিজ করে দেন। তাজুল ইসলাম বলেন, আরেকটি মামলা দায়েরের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্প্রতি সরকারি কৌঁসুলির (জিপি) কাছে দেওয়া হয়েছে।