রাজধানীর কাঁচাবাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। সবজিভেদে দাম বেড়েছে কেজিতে ১০-২০ টাকা। আর মাছ-মাংসের দাম কমেছে কেজিতে ৫-১০ টাকা।
সবজি ও মাছ-মাংসের দামের এই হ্রাস-বৃদ্ধির জন্য বন্যা ও বৃষ্টিকে দায়ী করেছেন খুচরা বিক্রেতারা। তাঁরা বলছেন, বৃষ্টি-বন্যার পানি সবজিবাগান ও খেতে ঢুকে পড়ায় পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে গেছে। এ কারণে পাইকারি বাজারেই সবজির দাম বেড়ে গেছে। এর প্রভাবে খুচরা বাজারেও দাম বেড়েছে।
গতকাল শুক্রবার সেগুনবাগিচা ও হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, বেগুন, গাজর, চিচিঙ্গা ও বরবটির দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকায়। ঝিঙা, করলা ও ঢ্যাঁড়সের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকা করে। আগাম শীতকালীন সবজির দামও বেড়েছে। শিম ৮০ থেকে বেড়ে ৯০ টাকা এবং মুলা ৪০ থেকে বেড়ে ৬০ টাকায় বিক্রি হয়েছে। কেজিতে ১০ টাকা বেড়ে পেঁপে ৩০ টাকা এবং শসা ৪০ থেকে বেড়ে ৪৫ টাকায় বেচাকেনা হয়েছে।
কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী মাসুম বিল্লাহ জানান, বন্যা হলে সব সময়ই সবজির সরবরাহ কমে। এবারও তাই হয়েছে।
বাজার ঘুরে জানা গেছে, ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ৫-১০ টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৩৫ থেকে ১৪৫ টাকায় বিক্রি হয়েছে। আগের সপ্তাহে ছিল ১৪০-১৫০ টাকা। এ ছাড়া মুরগির ডিম প্রতি হালি ৩৫ টাকা থেকে কমে ৩২ টাকা এবং হাঁসের ডিম ৪০ টাকা থেকে কমে ৩৮ টাকা হালি দরে বিক্রি হয়েছে।
এক কেজির কম ওজনের প্রতিটি ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ এক হাজার ২০০ টাকায় বিক্রি হয়।