বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্তরা ঋণের চাপে বিপর্যস্ত
গত বছর নদীভাঙনে বসতবাড়ি হারান শরীয়তপুরের জাজিরা উপজেলার কলমিরচর গ্রামের ইয়ারন নেছা-দেলোয়ার হোসেন দম্পতি। ঘর মেরামত করতে বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাক ও নড়িয়া উন্নয়ন সমিতি থেকে ৭৫ হাজার টাকা ঋণ নেন তাঁরা। সেই ঘরটিও গত শুক্রবার নদীতে বিলীন হয়ে গেছে।
ইয়ারন নেছা বলেন, ‘দুই বছরে নদীভাঙনে আমরা সর্বহারা হয়ে গেছি। এদিকে বন্যায় মাঠঘাট তলিয়ে থাকায় দিনমজুর স্বামী দেলোয়ারও এখন বেকার। দিনের খাবার জোগাড় করতেই আমাদের কষ্ট হচ্ছে। এখন কীভাবে কিস্তির টাকা পরিশোধ করব? কিস্তির ভয়ে পালিয়ে থাকতে হয়।’
ইয়ারন-দেলোয়ার দম্পতির মতো অবস্থা বন্যা ও নদীভাঙনকবলিত চারটি উপজেলার কয়েক হাজার নিম্ন আয়ের মানুষের। বন্যার কারণে তাদের উপার্জনের পথ বন্ধের উপক্রম। মাথার ওপর চেপে বসছে ঋণের বোঝা।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো), জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে পানি বাড়ায় বন্যায় গত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ৯০টি গ্রাম প্লাবিত হয়। নদীভাঙনে এক মাসে এসব গ্রামের নয় শতাধিক পরিবারের বসতবাড়ি, তিনটি বাজারের তিন শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রায় দুই হাজার একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। এলাকার ফসলি জমির বেশির ভাগ এখনো তলিয়ে আছে। তাই শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছে।
নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের গৃহবধূ রোজিনা আক্তার জানান, তিন সন্তানসহ পাঁচজনের সংসার তাঁর। বাজার খরচের পাশাপাশি সন্তানদের লেখাপড়া চালাতে অনেক খরচ হয়। দিনমজুর স্বামী ইদ্রিস মীর পেরে উঠছিলেন না। তাই ব্র্যাক ও সিএমএস থেকে ক্ষুদ্রঋণ নেন তিনি। ঋণ নিয়েই আরও বিপাকে পড়েছেন।
রোজিনা আক্তার বলেন, বন্যার কারণে স্বামী ইদ্রিস এখন বেকার। তাই সন্তানদের লেখাপড়া ও ঋণের কিস্তি পরিশোধ দূরের কথা, তিন বেলা খাবার জোটানোই দায় হয়ে পড়েছে। এখন খাবার জোগাড় করতে নতুন করে ঋণগ্রস্ত হচ্ছেন তাঁরা। এদিকে কিস্তির টাকার জন্য ‘এনজিও আপা’রা নিয়মিত চাপ দিচ্ছেন।
জাজিরা উপজেলার কলমিরচর বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, ‘কোথায় নতুন করে ব্যবসা শুরু করব, তা জানি না। ব্যবসা চালানোর জন্য বেসরকারি সংস্থা এসডিএস থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছিলাম। কীভাবে শোধ করব, তা নিয়ে চিন্তায় পড়েছি।’ জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীয়তপুরে ২৪টি বেসরকারি সংস্থার ঋণদান কার্যক্রম রয়েছে। সংস্থাগুলো বিভিন্ন কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে ঋণ বিতরণ করে থাকে। সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে ঋণের কিস্তি আদায় করা হয়।
শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান প্রথম আলোকে বলেন, এনজিওগুলোর কর্মকর্তাদের সঙ্গে সভা করে আগামী দুই মাস তাঁদের কাছ থেকে কিস্তি আদায় না করার আহ্বান জানানো হয়েছে।
শরীয়তপুরে এনজিও ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম খন্দকার বলেন, ‘আমরা আগামী দুই মাস বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে ঋণের কিস্তি আদায়ে বাড়তি চাপ না দিতে মাঠকর্মীদের নির্দেশ দিয়েছি।’