বন্যা ও রোগাক্রান্ত হয়ে ১৫ হাজার বরজ ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলায় পান চাষ আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। তিন দফা বন্যা এবং নানা রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার পানের বরজ মরে গেছে। এতে অন্তত ৪০ হাজার চাষি অর্থসংকটে পড়ে বেকার জীবন কাটাচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, অন্যান্য বছরের মতো চলতি বছরও জেলার টেকনাফ, মহেশখালী, উখিয়া, রামু, সদর, চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৪ হাজার একর জমিতে পানের চাষ হয়েছে। এতে বরজ তৈরি হয়েছে ছোট-বড় প্রায় ২৭ হাজার। গত জুন ও জুলাই মাসে সৃষ্ট তিন দফা বন্যা ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে বিলীন হয়েছে প্রায় নয় হাজার বরজ। আবার আগস্ট মাসে দেখা দেয় বিভিন্ন এলাকায় ছত্রাকজনিত ও গোড়া পচা রোগ। পানের পাতা ও লতা শুকিয়ে এই মড়কের ফলে ধ্বংস হয় আরও অন্তত ছয় হাজার বরজ। রামু উপজেলার গর্জনিয়া গ্রামের চাষি আবদুল গফুর (৫৫) বলেন, গত ২৬ জুনের বন্যায় ৬০ শতকের একটি পানের বরজ বিলীন হয়েছে। রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান বলেন, গত জুন ও জুলাই মাসে সৃষ্ট তিন দফার বন্যায় এই উপজেলায় চার হাজারের মতো পানের বরজ ধ্বংস হয়েছে। এখন কিছু চাষি নতুনভাবে বরজ শুরু করলেও অর্থসংকটের কারণে অনেকের পক্ষে তা সম্ভব হচ্ছে না। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া বলেন, চলতি বছর উপজেলার ১৭৭টি গ্রামে প্রায় সাত হাজার বরজ তৈরি হয়েছিল। কিন্তু বন্যা ও গোড়া পচা রোগে আক্রান্ত হয়ে ইতিমধ্যে চার হাজার বরজ ধ্বংস হয়ে গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার বলেন, ‘ফাইট পাখোরা’ নামের এক প্রকার ছত্রাকের আক্রমণে গোড়া পচা রোগ ছড়িয়ে পড়ছে। ছত্রাকে আক্রান্ত হলে প্রথমে পানের সবুজ পাতায় ছোট ছোট কালো বা হলুদ দাগ পড়ে। এবং পানের লতা ও ডগা শুকিয়ে যায়। এক সপ্তাহের মধ্যে আক্রান্ত পাতাটি পচন ধরে। আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এক লিটার পানিতে দুই গ্রাম করে ডাইথেন এম-৪৫ ছিটালে বরজ রক্ষা সম্ভব।