বন্যা কবলিত এলাকায় কানাডীয় হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও অবস্থা নিরূপণের জন্য কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে আজ রোববার সেখানকার ত্রাণ-সহায়তা কার্যক্রমে নিয়োজিত স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ঢাকার কানাডীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কানাডা সরকারের সহায়তায় ইউনিসেফের সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একটি জেলা হাসপাতালও পরিদর্শন করেন হাইকমিশনার।
হাইকমিশনার লাঘামে বলেন, ‘গত দুদিনে আমি বন্যা ও ঝড়ের ধ্বংসযজ্ঞ ও এর কারণে মানুষের নিদারুণ দুর্দশা দেখেছি। যদিও সার্বিক অবস্থা নিরূপণ সম্পন্ন হয়নি, তবু আমি দেখেছি পুরো জেলাজুড়ে অনেক বাড়ি-ঘর পানির নিচে তলিয়ে গেছে। দুর্ভাগ্যক্রমে, দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠীই সবচেয়ে বেশি দুর্দশার শিকার হচ্ছে। আমি এমনকি এই দুদিনেও বাংলাদেশের মানুষের অদম্য মনোবল আর পুনরায় সামনে এগিয়ে যাওয়ার অতুলনীয় দৃঢ়তা দেখেছি-লোকজন মাঠে কাজ করছে, ছেলে-মেয়েরা স্কুলে যাচ্ছে আর স্বাস্থ্যকেন্দ্রগুলো সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকার, জাতিসংঘের সংস্থাসমূহ ও স্থানীয় এনজিও-গুলো ইতিমধ্যেই জরুরি মানবিক সহায়তা প্রদান শুরু করেছে। কানাডা সরকার এ ক্ষেত্রে তার অংশীদারদের সঙ্গে ত্রাণ-কার্যক্রমে সহযোগিতার সর্বোৎকৃষ্ট ও দ্রুততম পন্থা নির্ধারণে কাজ করে যাচ্ছে।’